
শেষ আপডেট: 28 December 2022 06:07
দ্য ওয়াল ব্যুরো: বড়দিন মিটলেও তার আমেজ কাটেনি। এখনও চার্চে চার্চে ভিড় দেখা যাচ্ছে। এর মধ্যেই কর্নাটকে ফের অশান্তির ছবি সামনে এল। দক্ষিণের রাজ্যের একটি গির্জায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল (Karnataka Church Vandalised)। অভিযোগ, কয়েকজন এসে চার্চে হামলা চালায়, ভেঙে দেয় যীশু খ্রিস্টের একটি মূর্তিও!
ঘটনাটি ঘটেছে মহীশূরের পেরিয়াপটনার সেন্ট মেরি’জ চার্চে। পুলিশ সূত্রে খবর, গির্জার একাধিক জিনিস ভাঙা হয়েছে বলে অভিযোগ। তার মধ্যে যীশুর একটি শিশুমূর্তিও ছিল। এই ভাঙচুরের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, চার্চে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ কর্মীরা গির্জায় এসে দেখেন চার্চের মধ্যে লন্ডভন্ড অবস্থা।
সেই অবস্থা দেখে কর্মীরা চার্চের পাদ্রিকে খবর দেন। তিনি এসে খবর দেন পুলিশকে। মহীশূর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট সীমা লটকর জানান, 'গির্জার সিসিটিভি ফুটেজ দেখে এই হামলার সূত্র খোঁজা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চুরি ও লুটপাটের জন্যই এই হামলা চালানো হয়েছে। দানবাক্স নিয়ে পালিয়েছে অভিযুক্তরা।'
এমন হামলার ঘটনা নতুন নয়। জোর করে ধর্মান্তরকরণের অভিযোগে একাধিক গির্জায় হামলা চালানো হয়েছে। এমনকী পাদ্রিদের হেনস্থা করার অভিযোগও উঠেছে। এমন ঘটনায় বেশকয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর।
রাহুলকে রামের সঙ্গে তুলনা সলমনের, বিজেপি বলছে, সঙ্গীরা কি বানর সেনা!