
শেষ আপডেট: 24 July 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম টেক হাব কর্নাটকের বেঙ্গালুরু! দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোজগারের সন্ধানে এই শহরে আসেন, থাকেন। শুধু বেঙ্গালুরু নয়, কর্নাটকের বিভিন্ন জায়গায় ভিন্ রাজ্যের মানুষের ভিড় চোখে পড়ে। কিন্তু কন্নড় ভাষা জানেন না, এমন লোকের সংখ্যা (Non-Kannada Speakers) নেহাত কম নয়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ছবি নেটিজেনদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। কর্নাটকের রাস্তায় চলা এক অটোর পিছনে লেখা এই বার্তা (Karnataka Auto Driver) নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
অটো, বাস, ট্রাক-- বিভিন্ন যানের সামনে পিছনে চোখ পড়লেই প্রায়ই দেখা যায় নানান ধরনের লেখা। বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব লেখার মধ্যে থাকে কৌতুকের ছোঁয়া। কোনও কোনও ক্ষেত্রে আবার দেখা যায়, কিছু সামাজিক বার্তাও দেওয়া রয়েছে ওইসব লেখায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সেইসব লেখা নিয়ে আলোচনা হয়, মজা চলে। কিন্তু কর্নাটকের রাস্তায় একটি অটোর পিছনে লেখা ঘিরে রাগের জন্ম নিল সোশ্যাল মিডিয়ায়।
অটোর পিছনে কী লেখা রয়েছে?
রোশন রাই নামে এক নেটিজেন তাঁর নিজের পেজে ওই অটোর ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অটোর পিছনে লেখা, 'আপনি যখন কর্নাটকে আছে, তখন কন্নড় শিখুন। আপনার অ্যাটিটিউড দেখাবেন না… জানবেন আপনি এখানে ভিক্ষা করতে এসেছেন!' অ-কন্নড় ভাষীদের উদ্দেশে একটি অশালীন শব্দবন্ধও ব্যবহার করা হয়েছে এই লেখায়।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ওই সঙ্গে সংশ্লিষ্ট অটোচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। এমনিতেই দক্ষিণ ভারতীয়দের মধ্যে নিজেদের আঞ্চলিক ভাষা নিয়ে একটা নাকউঁচু ভাব আছে বলে, অনেকের অভিযোগ। সেই রাজ্যে থাকা অনেকেই নাকি নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে চান না, এমন বিষয়ও সামনে এসেছে। কিন্তু অটোচালকের এমন কীর্তি সেইসব কিছুকেই ছাপিয়ে গেছে বলে মত নেটিজেনদের একাংশের।
দলিত যুবককে অর্ধনগ্ন করে মার, মুখে তোলানো হল জুতো! ভিডিও ভাইরাল হতেই মধ্যপ্রদেশে গ্রেফতার ৩