স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন।

জয়ন্ত সিং
শেষ আপডেট: 31 May 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির (Kamarhati) বাসিন্দা জয়ন্ত সিং-এর (Jayanta Singh) সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বলা হয়েছিল, ২ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু কামারহাটি পুরসভা সেই কাজের জন্য বাড়তি সময় চেয়েছিল। তা দিতে চায়নি রাজ্যের উচ্চ আদালত। অগত্যা, সেই বাড়ি ভাঙতে শেষমেশ পদক্ষেপ করা হল। তৃণমূল ঘনিষ্ঠ নেতার প্রাসাদোপম বাড়ি ভাঙতে ডাকা হল ই-টেন্ডার (E-Tender)।
কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়ন্ত সিং। তবে এলাকায় তাঁকে 'জায়ান্ট সিং' বলে চেনে অনেকে। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। তবে গ্রেফতারির পর রাতারাতি চর্চা শুরু হয় তাঁর 'হোয়াইট হাউস' নিয়ে। আদতে বেকার এক যুবকের এমন বাড়ি কী করে হতে পারে, সেই প্রশ্নই ওঠে স্বাভাবিকভাবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, কামারহাটি পুরসভার বক্তব্য, ওই বাড়ি সম্পর্কে তাঁরা কিছুই জানত না। তবে পরে তাঁদের কাছে খবর এসেছিল যে, বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হলে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দেয়।
কামারহাটি পুরসভা এই ইস্যুতে আবার হাইকোর্টকে জানিয়েছিল, বাড়ি ভাঙার জন্য যে রাস্তা দিয়ে যেতে হবে তা ছোট এবং সরু। সেই কারণে গাড়ি ঢুকতে পারছে না। তবে কলকাতা হাইকোর্ট সে যুক্তিতে পাত্তা দেয়নি। বরং আদালত বলেছিল, কাজের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সবকিছু করা যায়। আদতে পুরসভার কাজ করার সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। তারপরই ই-টেন্ডার ডাকা হল।