
বারবার বিস্ফোরণ ঘটছে, হুঁশ ফেরেনি-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7 February 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো : এগরা, দত্তপুকুর, বজবজ, উলুবেড়িয়া- তালিকাটা বেশ দীর্ঘ। এবার সেই তালিকাতেই নাম জুড়ল কল্যাণীর। শুক্রবার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় ফের বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে গোটা বাজি কারখানাটাই উড়ে গিয়েছে। এখনও পর্যন্ত চারজনের মৃত্য়ুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৪ সালের ৩ নভেম্বর মধ্যরাত। একটি বাড়িতে বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণে ফাটল ধরে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। ভেঙে যায় দরজা-জানলার কাচ। এই ঘটনার ঠিক আগেই উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু হয়। তার পরপরই বাজি কারখানায় বিস্ফোরণে গোটা রাজ্যে হইচই পড়ে।
তার আগেই ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ন’জনের মৃত্যু হয়েছিল। সেই বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১২ জনের। সেই ঘটনার পরেও উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আহতদের।
২০২৩ সালে দত্তপুকুরের মোচপোল গ্রামে একটি দোতলা বাড়ির ভিতরে থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঠিক কত জন শ্রমিক সেইসময় সেখানে কাজ করছিলেন সে সম্পর্কে কোনও তথ্য সরকারের কাছে ছিল না। তবে ঘটনায় ৯ জনের মৃত্য়ু হয়। আহত হয়েছিলেন প্রায় ১২ জন। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বাড়ির মালিক ও বাজি কারখানার মালিকের ছেলেরও।
এর আগে ওই বছরের ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ৩ জনের মৃত্যু হয়। ওই বছরেরই পয়লা ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়।
প্রতিবারই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় হইচই পড়ে। দিনকতক নজরদারি চলে জোরদার। কিন্তু দিন গড়ালেই পরিস্থিতি যে আবার আগের মতোই হয়ে যায় তা প্রমাণ করল কল্যাণীর ঘটনা।