কেন্দ্রকে কটাক্ষ করে মমতা আরও বলেন, “সরাসরি এনআরসি করতে পারছে না, তাই এজেন্সির মাধ্যমে চালাচ্ছে খেলা! কিন্তু বাংলার মানুষকে বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনও ব্যক্তিগত তথ্য দেবেন না।”

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 18 August 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের নিয়ন্ত্রাধীন কল্যাণী এইমসকে (Kalyani AIIMS) কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
অভিযোগ, মেন্টাল হেলথের (Mental Health,) নামে পরোক্ষে এনআরসির সার্ভে (NRC survey) চালাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা। রাজ্য সরকারের কোনও অনুমতি ছাড়াই এমন কাজ চলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জনসাধারণকে সতর্ক করে তিনি বলেন, “আপনাদের বাড়িতে যদি কেউ সার্ভে করতে আসে, আগে প্রশাসনের কাছে জেনে নিন। রাজ্য সরকার করলে আগেই জানিয়ে দেবে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এইমসকে আমরা এত জমি দিয়েছি, কিন্তু উদ্বোধনের সময় আমাদের ডাকে না। এখন মেন্টাল হেলথের নাম করে একটা রাজনৈতিক দলের হয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছে। কেন্দ্রের কাজ কেন্দ্র করুক, এইমসের কাজ রোগী সুস্থ করা — সার্ভে করা নয়।”
কেন্দ্রকে কটাক্ষ করে মমতা আরও বলেন, “সরাসরি এনআরসি করতে পারছে না, তাই এজেন্সির মাধ্যমে চালাচ্ছে খেলা! কিন্তু বাংলার মানুষকে বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনও ব্যক্তিগত তথ্য দেবেন না।”
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “এইমসকে বলব, আপনাদের কাজ রোগী দেখা, অন্যের হয়ে গুপ্তচরবৃত্তি করা নয়। এই খেলা বন্ধ করুন।”
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে পঞ্চায়েত এলাকাগুলিতে সতর্কতা জারি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। একইভাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রতিটি পুরসভার কাউন্সিলরদের এই সার্ভের বিষয়ে সতর্ক করার জন্য বলেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের সতর্ক করার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে।
যেভাবে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এইমস এবং কেন্দ্রর বিরুদ্ধে বড় অভিযোগ সামনে এনেছেন তা যথেষ্টতাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এ ব্যাপারে কল্যাণী এইমস এবং কেন্দ্র কোনও প্রতিক্রিয়া দেয় কিনা।
এদিকে এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব জানান, তাজপুর বন্দরের জন্য ফের RFP (Request for Proposal) ডাকা হবে।