পরিবারের দাবি, “আমাদের ছেলেকে ব্যবহার করা হয়েছে। ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড়মাপের লোকেরা জড়িত।”

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 1 August 2025 21:53
দ্য ওয়াল ব্যুরো: কালনার (Kalna) কদমতলায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের (Student) বিরুদ্ধে উঠল এক বিস্ময়কর অভিযোগ—বাড়ির লকারে রাখা টাকা সরিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে স্থানীয় একটি জনপ্রিয় পিৎজার (Pizza) দোকানে কয়েক লক্ষ টাকার খাবার অর্ডার! শুধু তাই নয়, পরিবার জানিয়েছে, মোট খরচের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২১ লক্ষ টাকা (21 lakh)!
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। শুক্রবার কালনা থানায় ওই নাবালকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও থানার সামনে জমায়েত করেন। অভিযোগ, পরিবার একটি বাড়ি বিক্রি করে এবং সঞ্চিত অর্থ মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা একটি লকারে রেখেছিল।
কীভাবে সামনে এল ঘটনা?
মঙ্গলবার হঠাৎই পরিবারের তরফে লকার খুলে দেখা যায়, প্রায় ২১ লক্ষ টাকা নেই। এরপরই নাবালককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রায় প্রতিদিন ২-৩ হাজার টাকা করে স্থানীয় এক নামী পিৎজা দোকানে খরচ করত। শুধু তাই নয়, দোকানের উপরের পুরো ফ্লোরটি পর্যন্ত মাঝেমধ্যে বুক করে বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাত সে।
পরিবারের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় এলাকার একাধিক ব্যক্তি। তাঁরা নাবালককে ভয় দেখিয়ে টাকা নিয়েছে বলেও দাবি। নাবালকের পরিবারের প্রশ্ন, “পিৎজা খেয়ে ৫-৬ লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু ২১ লক্ষ?”
ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। ইতিমধ্যেই ওই পিৎজা দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পরিবারের দাবি, “আমাদের ছেলেকে ব্যবহার করা হয়েছে। ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড়মাপের লোকেরা জড়িত।” তাঁরা দোষীদের কঠোর শাস্তি দাবি করে থানার দ্বারস্থ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক প্রতারণা, শিশু-প্রলোভনের মতো ধারায় মামলা দায়ের হতে পারে। এই ঘটনায় কালনায় চাঞ্চল্য ছড়ালেও নাবালকদের নিয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন মনোবিদরাও।