অভিযোগ, এমনই একটি বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় দশ বছর বয়সি তামান্না খাতুনের।

তুলিকা দাস, চেয়ারপার্সন, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
শেষ আপডেট: 24 June 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার (Kaliganj Minor Death) মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এবার এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন (State Child Rights Protection Commission)। প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণ, যে দল জয়ী হয়ে এহেন ঘটনা ঘটিয়েছে, সেই জয় কালিমালিপ্ত হয়েছে।
সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। কিছু সময়ের মধ্যেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। স্বাভাবিকভাবেই বিজয়মিছিল বার করেন শাসকদলের কর্মী-সমর্থকরা।
অভিযোগ, এমনই একটি বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় দশ বছর বয়সি তামান্না খাতুনের। ক্লাস ফোরের এই পড়ুয়া বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা।
সোমবার বিকেলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। সেই মতোই বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ নামে চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ।
আর এবার এই ঘটনায় জেলার পুলিশ সুপার অমরনাথ কে-কে চিঠি পাঠিয়ে দ্রুত তদন্ত রিপোর্ট তলব করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন, সোমবারই রিপোর্ট চেয়ে চিঠি পাঠানো হয়েছে। যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন তাঁরা।
সোমবারই কৃষ্ণনগরের পুলিশ সুপার জানিয়েছিলেন, এই এলাকায় ২০২৩ সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।