চাকরিহারা শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে কী করতে পারেন রাষ্ট্রপতি?

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 June 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: হয় ন্যায় বিচার (Justice ) দিন নতুবা সপরিবারে স্বেচ্ছামৃত্যুর (voluntary death in the family) অনুমতি দেওয়া হোক। এই দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu, The President of India) চিঠি লিখবেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা (SSC Deprived Teachers, president)।
যোগ্য শিক্ষকদের মঞ্চের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটা জেলার পোস্ট অফিসগুলি থেকে রাষ্ট্রপতির উদ্দেশে এই মর্মে চিঠি লিখবেন তাঁরা। এর আগে পশ্চিমবঙ্গের চাকরি চলে যাওয়া শিক্ষকদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা (Leader of the opposition, Lok Sabha) তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।
চাকরিহারা শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে কী করতে পারেন রাষ্ট্রপতি? সংবিধান বিশেষজ্ঞ ও প্রশাসনিক মহলের মতে, রাষ্ট্রপতি বিধিসম্মত উপায়ে চিঠিটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ মেনে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন।
নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি। ওই নির্দেশে আদালত এও জানিয়েছিল, চাকরিহারা ২৫ হাজার ৭৩৫ জনের মধ্যে চিহ্নিত অযোগ্যরা ছাড়া বাকিরা পরীক্ষায় বসতে পারবেন।
এই নিয়ে ৩১ মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আদালতের সেই নির্ধারিত সময়ের একদিন আগেই ৩০ মে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং—সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে।
এমনকী চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় এবং অভিজ্ঞতাক জন্য বাড়তি সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। তবে পুনরায় পরীক্ষায় বসতে চাইছেন না চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনেকেই। তাঁদের সাফ কথা, অন্যের দুর্নীতির দায় তাঁরা কেন নিতে যাবেন? এখন দেখার চাকরিহারা শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে রাষ্ট্রপতি কী পদক্ষেপ করেন।