ঘটনাটা ঠিক কী? কোন মামলার প্রেক্ষিতে আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি?

ফাইল ছবি।
শেষ আপডেট: 24 May 2025 07:47
দ্য ওয়াল ব্যুরো: মক্কেলকে কুপরামর্শ দেওয়ার অভিযোগে এজলাস থেকেই এক আইনজীবীকে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ঘটনা।
আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আদালত সূত্রের খবর, বিচারপতির নির্দেশ অমান্য করার জন্য মক্কেলকে পরামর্শ দিয়েছিলেন ওই আইনজীবী। এমনকী বিচারপতি সম্পর্কে তিনি কুমন্তব্য করেন বলেও অভিযোগ। ওই মামলায় সংশ্লিষ্ট আইনজীবীকে চার দিনের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই আইনজীবীদের মধ্যে শোরগোল তৈরি হয়। যদিও আইনজীবীদের একাংশ জানাচ্ছেন, এর আগেও একাধিক বিচারপতির সমালোচনার মুখে পড়েছেন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী।
ঘটনাটা ঠিক কী? কোন মামলার প্রেক্ষিতে আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি?
আদালত সূত্রের খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি মামলায় এক অধ্যাপকের হয়ে হাইকোর্টে লড়েন অরুণাংশু। অভিযোগ, মামলা হেরে যাওয়ার পরও তিনি তাঁর মক্কেল তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কুপথে পরিচালিত করেন। অধ্যাপককে আদালতের নির্দেশ না মানার পরামর্শ দেন। এমনকী এও বলেন, যে 'রায় বেরানোর পরও আদালতের নির্দেশ না মানার বহু পরিসংখ্যান রয়েছে। কিচ্ছু হবে না।'
শুক্রবার মামলাটি বিচারপতি চন্দের এজলাসে ওঠে। পুরো ঘটনা শোনার পর এজলাস থেকেই আইনজীবীকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি।