ফাইল ছবি
শেষ আপডেট: 15 December 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: পেরিয়েছে ৯০ দিনেরও বেশি সময়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। কিন্তু তার মধ্যেই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে জামিন পেয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। যার প্রতিবাদে সোমবার থেকে ‘জাস্টিস মার্চ’-এর ডাক দিল বাম ছাত্র সংগঠন এসএফআই।
সোমবার ও মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণায় এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকাল ১০ টা নাগাদ সোদপুর ট্র্যাফিক থেকে শুরু হবে মিছিল। নির্যাতিতার দ্রুত বিচার চেয়ে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন এখনও চার্জশিট পেশ করতে পারল না বা খুনে জড়িত থাকার অপরাধে সন্দীপ ও অভিজিতকে গ্রেফতার করা হলেও কেন তারা জামিন পেলেন, তাঁর উত্তর চেয়েই ফের শহরের রাস্তায় নামার ডাক এসএফআইয়ের।
বামেদের ছাত্র সংগঠনের তরফে বিচারের নামে প্রহসন বন্ধ, সোদপুর ট্র্যাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণা, থ্রেট কালচার বন্ধ, ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবি জানানো হয়েছে। অবিলম্বে তা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলন করে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান, 'রাস্তায় পড়ে থেকে তিলোত্তমার বিচারকে ছিনিয়ে আনতে হবে। সোম ও মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলায় এসএফআইয়ের ডাকে জাস্টিস মার্চ হবে। আগামীকাল সকাল ১০টায় সোদপুর ট্র্যাফিক মোড় থেকে শুরু হবে। দ্রুত বিচারের দাবিতে এমন সিদ্ধান্ত।'
শুক্রবারই আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হয়। গ্রেফতারের ৯০ দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করে শিয়ালদহ আদালত। তবে এখনই জেল মুক্ত হচ্ছেন না তাঁরা।