
শেষ আপডেট: 22 December 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে একাধিকবার সিআইডির তলব নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তকে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, “কেন বার বার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করছে সিআইডি? আপনি ব্যাপারটা দেখুন।”
সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বার বার তাঁর স্বামীকে ডেকে জেরা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি ব্য়াঙ্কশাল কোর্টের বার অ্য়াসোসিয়েশনকে লেখা চিঠিতে সিআইডি-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। পাল্টা সিআইডি জানায়, বিচারপতি সিনহার স্বামীকে কোনওভাবেই হেনস্থা করা হয়নি। শুধু তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অথচ সিআইডি’র বিরুদ্ধে অভিযোগ তুলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দেন আইনজীবী প্রতাপচন্দ্র।
এদিন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে তিনি বলেন, “'বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়। কেন ? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা?” সেই সঙ্গেই তিনি বলেন, সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয়, সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে?
অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন, চেষ্টা করে দেখুন।”
বিচারপতি অমৃতা সিনহার স্বামী পেশায় আইনজীবী। একটি মামলায় তাঁকে চলতি মাসেই পর পর দু’বার তলব করে সিআইডি। ওই জিজ্ঞাসাবাদ পর্বে প্রতাপচন্দ্র দে’র অভিযোগ, তাঁর বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে সিআইডি। তাঁকে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে তিনি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দেন। তার পর একই অভিযোগ জানিয়ে চিঠি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।