
শেষ আপডেট: 5 November 2023 16:57
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: 'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। আর এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সোনার দোকানে ফের দুঃসাহসিক ডাকাতি। ডাকাতির সময়ে দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রাখে দুষ্কৃতীরা। এরপর দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে ডাকাতের দল। ঘটনাটিতে চণ্ডীপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রায় ৩টে নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার দিবাকরপুরে একটি সোনার দোকানে ডাকাতি হয়। সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে দোকানের শাটার কেটে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় দোকানের আলোও। প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায় ডাকাতের দল।
পরে সিভিক ভলান্টিয়াদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থানার পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের বাঁধনমুক্ত করা হয়। তাঁদের বয়ানও সংগ্রহ করেন তদন্তকারীরা। সোনা সহ নগদ প্রায় ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেছে। দোকানের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ডাকাতদের শনাক্ত করার কাজ চলছে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে রাণাঘাট ও পুরুলিয়ায় সেনকো গোল্ডের আউটলেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এরপরই একে একে আরও অনেক জায়গায় সোনার দোকানে ডাকাতির ঘটনা শিরোনামে আসে। এবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে।