
শেষ আপডেট: 25 March 2022 10:28
দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরের এক বাসিন্দাকে হোটেলে থাকতে দিতে অস্বীকার করল উত্তর দিল্লির একটি হোটেল (OYO)। সৈয়দ ফয়সল নামে বছর তিরিশের ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ হোটেলের বিরুদ্ধে ধর্মীয় ও জাতি বিদ্বেষ ছড়ানোর ধারায় মামলা দায়ের করেছে। তিনি জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বাসিন্দা বলেই তাঁকে ঘর ভাড়া দেওয়া হবে না, হোটেলটির রিসেপশনের এক মহিলার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ হোটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক চলছে তখন শ্রীনগরের যুবকের অভিজ্ঞতা উল্টো চিত্র তুলে ধরল। কাশ্মীর ফাইলস সিনেমায় তুলে ধরা হয়েছে কীভাবে কাশ্মীরি জঙ্গিদের হামলার পণ্ডিত সমাজের মানুষকে জম্মু-কাশ্মীর ছাড়তে হয়েছে। সিনেমাটিকে হাতিয়ার করে কাশ্মীর ইস্যুতে গোটা বিরোধী শিবিরকে কাঠগড়ায় তুলতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। বিজেপি শাসিত কয়েকটি রাজ্য সিনেমাটি করমুক্ত ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি কর্মী সমর্থকদের সিনেমাটি দেখার পরামর্শ দিয়েছেন। তবে দিল্লির হোটেলে কাশ্মীরের যুবকের হেনস্থার ঘটনায় গেরুয়া শিবিরের কেউ মুখ খোলেনি।
দিল্লির ঘটনায় হোটেল চেন সংস্থা ওয়ো সংশ্লিষ্ট হোটেলটিকে কালো তালিকাভুক্ত করেছে। তারা বলেছে, এই ধরনের ঘটনা খুবই পীড়াদায়ক। কাউকে এভাবে হোটেলে থাকতে না দেওয়া হোটেল পরিষেবার আদর্শের পরিপন্থী।
শ্রীনগরের বাসিন্দা সৈয়দ ফয়সল একটি বহুজাতিক সংস্থায় অডিটর। গত মঙ্গলবার বিকেলে কাজ শেষ করে তিনি উত্তর দিল্লির ওই হোটেলটিতে যান। ঘর আছে জানিয়ে রিসেপশনে কর্তব্যরত মহিলা পরিচয়পত্র দেখাতে বলেন। ফয়সল ভোটার কার্ড ও আধার কার্ড দেখান। তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা, জানার পর ঘর দিতে অস্বীকার করে হোটেল। তিনি কারণ জানতে চান। পাসপোর্ট দেখান। অনেকবার বলার পর তাঁকে জানানো হয়, জম্মু কাশ্মীরের বাসিন্দা বলেই তাঁকে প্রত্যাখ্যান করা হল।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের বাসিন্দাদের হোটেলে ঘর দিতে পুলিশ কোনও নির্দেশিকা জারি করেনি কখনও।