NIRF 2025 তালিকায় নবম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৯ নম্বরে। রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্সও জায়গা করে নিয়েছে শীর্ষ তালিকায়।

সেরার সেরা যাদবপুর
শেষ আপডেট: 4 September 2025 22:34
দ্য ওয়াল ব্যুরো: ফের সাফল্যের শিরোপা জিতে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ২০২৫–এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় তালিকায় একেবারে প্রথম সারিতে উঠে এসেছে বাংলার এই সরকারি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে আইআইটি খড়গপুরও একাধিক বিভাগে উজ্জ্বল ফলাফল করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এই র্যাঙ্কিং তালিকা জানাচ্ছে, দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরুর Indian Institute of Science (IISc), দ্বিতীয় স্থানে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU), চতুর্থ স্থানে জামিয়া মিলিয়া ইসলামিয়া, পঞ্চমে দিল্লি বিশ্ববিদ্যালয়। এই তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদের স্কোর ৬৫.৪২। অন্যদিকে ৩৯ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, স্কোর ৫৫.১৭।
শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজ বিভাগেও সেরা দশে স্থান পেয়েছে বাংলার একাধিক প্রতিষ্ঠান। দেশের কলেজ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ এবং অষ্টম স্থানে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। তবে সর্বভারতীয় তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে দিল্লির হিন্দু কলেজ।
সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক র্যাঙ্কিংয়েও বাংলার সুনাম অটুট। IIT খড়গপুর পেয়েছে ষষ্ঠ স্থান (স্কোর ৭৩.৯৯)। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ১৮ নম্বরে (স্কোর ৬৪.৩৪)। কলকাতা বিশ্ববিদ্যালয় ৪৭ নম্বরে (স্কোর ৫৫.৯১)। এছাড়াও, Indian Institute of Science Education & Research, Kolkata (IISER Kolkata) ৬৭ নম্বরে রয়েছে।