
শেষ আপডেট: 7 August 2022 05:33
দ্য ওয়াল ব্যুরো: ক্ষুদ্রতম রকেট (Smallest Rocket) উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন বা ইসরো (ISRO)। রবিবার সকালে শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে এই রকেটের উৎক্ষেপণ হয়েছে। এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন অক্ষে তা প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে। এর আগে এত ছোট রকেট কখনও লঞ্চ করা হয়নি ইসরো থেকে।
ইসরোর ক্ষুদ্রতম এই রকেটের মধ্যে একটি বিশেষ স্যাটেলাইট (Satellite) রয়েছে। সেটি তৈরি করেছে ৭৫০ জন স্কুলপড়ুয়া একসঙ্গে মিলে। স্কুলপড়ুয়াদের তৈরি সেই কৃত্রিম উপগ্রহ জায়গা পেয়েছে ইসরোর সবচেয়ে ছোট রকেটে।
এছাড়া ওই রকেটে ইসরোর একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে বলে খবর। ৭৫০ জন স্কুলপড়ুয়ার হাতে তৈরি স্যাটেলাইটটিও ঘুরবে পৃথিবীর অক্ষে। সেখান থেকে খুঁটিনাটি তথ্য তা পাঠিয়ে দেবে ইসরোর বিজ্ঞানীদের জন্য। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫০ জন স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে এই স্যাটেলাইট বানানো হয়েছে।
ইসরোর এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।
তবে রবিবার বেলার দিকে খবর এসেছে, উড়ানের পর ইসরোর এই রকেটে কিছু গোলমাল দেখা দিয়েছে। স্যাটেলাইট দুটিকে যথাযথভাবে এই রকেট পৃথিবীর কক্ষে পৌঁছে দিতে পারবে কিনা তা খতিয়ে দেখছেন ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন: পৃথিবীর ‘স্পিড’ বাড়ছে, ছোট হয়ে আসছে দিন! সময়ের হিসেব যাচ্ছে গুলিয়ে