দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই পুরীর রথযাত্রায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। মাহেশ থেকে গুপ্তিপাড়া বিখ্যাত সব রথের চাকা গড়াবে জমায়েত ছাড়াই। তবে কোভিড সংক্রমণের এই সময়ে অভিনব উদ্যোগ নিল ইসকন। বিশ্ব জুড়ে শাখা ছড়িয়ে থাকা ধর্মীয় সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে এবার রথযাত্রা হবে ভার্চুয়াল।
আগামী ২৩ তারিখ রথ। ইসকনের তরফে জানানো হয়েছে, ২৩ থেকে ২৪ জুন পর্যন্ত ভার্চুয়াল রথযাত্রা উদযাপিত হবে পৃথিবীর ছ'টি মহাদেশে। তাঁদের দাবি, ইসকনই প্রথম সংগঠন যারা ভার্চুয়াল রথযাত্রা উদযাপন করবে। অর্থাৎ অনলাইনে কোটি কোটি ভক্ত দেখবেন, রথে চেপে বলরাম, সুভদ্রাকে সঙ্গ নিয়ে মাসির যাচ্ছেন প্রভু জগন্নাথ।
গত কয়েক বছর ধরে কলকাতায় ইসকনের রথ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর ইসকনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানও। তবে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
করোনা অতিমহামারীর মধ্যে পুরীতে যাতে রথযাত্রা না হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, “আমরা যদি রথযাত্রায় অনুমতি দিই তাহলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।”
সুপ্রিম কোর্ট ওই শুনানিতে আরও বলে, “অতিমহামারীর সময়ে জনসমাগমে অনুমতি দেওয়া যায় না।” বিশেষজ্ঞরা বলেছেন, অতিমহামারীর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনও জনবহুল জায়গায় রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে বহুগুণ। সেই প্রেক্ষাপটে শীর্ষ আদালত স্পষ্ট করে, “জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়।”
মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পয়লা বৈশাখ থেকে বিহু, পোঙ্গল থেকে ইদ-- সবই কেটেছে লকডাউনের মধ্যে। জুনের প্রথম সপ্তাহ থেকে আনলক পর্ব শুরু হয়েছে সারা দেশে। তাতে ধর্মীয় স্থানে তালা খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতেও রয়েছে অনেক বিধি। ১০ জনের বেশি জড়ো হওয়া যাবে না ধর্মীয় স্থানে। মানতে হবে সামাজিক দূরত্বের শর্ত।
পর্যবেক্ষকদের মতে, রথযাত্রা এমন একটি উৎসব তাতে অনুমতি দিলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাই পুরীর রথের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। তবে ইসকনের রথের চাকা গড়াবে। কিন্তু তা হবে ভার্চুয়াল। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক থেকে স্কুল কলেজের পড়াশুনা, বিয়ে থেকে রাজনৈতিক জনসভা-- অনেক কিছুই ভার্চুয়াল হয়েছে এই সময়ে। এবার রথও।