দীর্ঘ টালবাহানা আর জল্পনার শেষে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) রণকৌশল স্পষ্ট করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
.jpeg.webp)
নওশাদ সিদ্দিকি
শেষ আপডেট: 20 March 2026 18:51
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টালবাহানা আর জল্পনার শেষে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) রণকৌশল স্পষ্ট করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। শুক্রবার আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) জানিয়ে দিলেন, বামেদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে আপাতত ২৯টি কেন্দ্রে লড়বে তাঁর দল। তবে সমঝোতা হলেও নন্দীগ্রাম-সহ (Nandigram) চারটি আসন নিয়ে বামফ্রন্টের (Left Front) সঙ্গে কাঁটা থেকেই গেল।
এদিন সাংবাদিক বৈঠকে নওশাদ জানান, বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে তাঁরা ‘সর্বোচ্চ ত্যাগ’ স্বীকার করেছেন। আলিমুদ্দিনের সঙ্গে দফায় দফায় চিঠি চালাচালি ও বৈঠকের পর এই ৩৩টি আসনে ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ। নওশাদের কথায়, "বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই আসনগুলি চূড়ান্ত হয়েছে।" আইএসএফ-এর কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক জানান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে সবথেকে বেশি আসনে লড়ছে দল। এর মধ্যে ভাঙড়, দেগঙ্গা, হাড়োয়া, ক্যানিং পূর্ব ও পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি রয়েছে। এছাড়া মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের নির্দিষ্ট কিছু আসনেও ‘খাম’ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থীরা।
২৯টি আসনে সমঝোতা হলেও খটকা রয়ে গিয়েছে চারটি আসন নিয়ে। নওশাদ জানিয়েছেন, নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারই— এই চার কেন্দ্রে তাঁরা প্রার্থী দিতে অনড়। অথচ বামফ্রন্ট ইতিমধ্যেই এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিশেষত নন্দীগ্রাম আসনটি নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের পবিত্র করের বিরুদ্ধে বামেরা সিপিআই-এর শান্তি গিরিকে সমর্থন করেছে। কিন্তু আইএসএফ-ও সেখানে প্রার্থী দিতে চাওয়ায় অস্বস্তিতে আলিমুদ্দিন। নওশাদ বলেন, "আমরা বামেদের ইমেল করে অনুরোধ করেছি যাতে ওই চারটি আসন থেকে তারা প্রার্থী প্রত্যাহার করে নেয়।"
রাজনৈতিক মহলের নজর কেড়েছে ভাঙড় আসনটি। সূত্রের খবর, বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি এবারও নিজের গড় থেকেই লড়াই করবেন। সেক্ষেত্রে ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে নওশাদের লড়াই কার্যত এক অনন্য রাজনৈতিক মাত্রা পেতে চলেছে।
প্রার্থী তালিকা কবে সামনে আসবে? নওশাদ জানিয়েছেন, আগামিকাল দেশজুড়ে ইদ পালিত হবে। খুশির উৎসবের মেজাজ কাটলেই আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করবে আইএসএফ। অর্থাৎ, আগামী সপ্তাহ থেকেই যে পুরোদমে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে ভাইজানের দল, তা আজ স্পষ্ট করে দেওয়া হল।