দল গড়ার কথা অস্বীকার করছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, বিজেপিতে আছি। এ দলেই থাকব।

দিলীপ ঘোষ (ফাইল ছবি)
শেষ আপডেট: 23 June 2025 11:18
দ্য ওয়াল ব্যরো: পশ্চিমবঙ্গে হিন্দুদের (Hindu) জন্য নতুন একটি দল গঠন করা হচ্ছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের খবর, দিলীপ ঘোষ (Dilip Ghosh, Ex Presidsnt, West Bengal BJP) হতে চলেছেন নতুন দলের মুখ ও সভাপতি।
এই জল্পনা ঘিরে প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষের হাত ধরে কি পশ্চিমবঙ্গে প্রথম 'কিংস পার্টি' (King's Party) গঠিত হতে যাচ্ছে? পড়শি দেশ বাংলাদেশ তো বটেই ভারতের বহু রাজ্যে এবং ইউরোপ-আমেরিকায় ভোটের আগে কিংস পার্টি গঠন করা হয়। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক জোট জেডিইউ-বিজেপি একাধিক কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য লালুপ্রসাদের পার্টি আরজেডি সহ বিরোধী শিবিরের ভোট ভাঙানো।
প্রশ্ন কিংস পার্টি কী? কেন এমন দল গড়া হয়?
সরকার কিংবা ক্ষমতাবান অংশের ইচ্ছা ও সহযোগিতায় নির্বাচনকে সামনে রেখে তৈরি দলকে কিংস পার্টি বলা হয়ে থাকে। এই জাতীয় দলের প্রধান লক্ষ্য থাকে এক দল বা জোটের ভোট কেটে অন্য দল/জোটের জয়ের রাস্তা পরিস্কার করে দেওয়া। বাংলায় হিন্দু ভোটের ভাগাভাগি নিশ্চিত করতে হিন্দু সেনা নামে নতুন দল গড়ার চেষ্টা চলছে, এমন জল্পনা আছে। বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতার কথায়, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির পক্ষে হিন্দু জাগরণ হতে চলেছে। স্বভাবতই হিন্দু ভোট ভাগাভাগির চেষ্টা হবে।
তৃণমূল কংগ্রেস এমন কোনও প্রচেষ্টা চালাচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, দল গড়ার কথা অস্বীকার করছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, বিজেপিতে আছি। এ দলেই থাকব।
দু'দিন ধরে রাজ্য-রাজনীতিতে বিজেপির এই প্রবীণ নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে তাঁর দল গড়ার খবর ঘিরে। পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে প্রস্তাবিত দলটির দিলীপ ঘোষই সভাপতি হতে চলেছেন বলে খবর। এই ব্যাপারে স্বয়ং দিলীপ ঘোষের বক্তব্য, মিডিয়া থেকেই খবর পাচ্ছি আমি নাকি দল গড়ছি। এই ব্যাপারে আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমিও কাউকে কিছু বলিনি। সব ভুয়ো। বিজেপি নেতৃত্ব যা বলবেন সেই মতো চলব।