
শেষ আপডেট: 29 May 2023 16:18
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে আইপিএল ফাইনালে (IPL Final) গুজরাতের সুদর্শন চক্রের ফাঁসে জব্দ ধোনির চেন্নাই। গুজরাতের সাই সুদর্শনই (Sai Sudharshan) প্রথমে ব্যাটিং ইনিংসে নায়ক বনে গিয়েছেন। শুভমান গিল (৩৯) ও ঋদ্ধিমান সাহা (৫৪) ফিরে যাওয়ার পরে যখন চাপে ঘরের দল। সেইসময় সুদর্শনই দলকে টানলেন।
চেন্নাইয়ের এই তারকাই গুজরাতকে লড়াইয়ের রান এনে দিয়েছেন। তিনি হয়ে উঠলেন আমদাবাদের নায়ক। নিজের জন্মভূমির বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। শেষমেশ ৪৭ বলে ৯৬ রান করে ফিরলেন। আর গুজরাতও ধোনিদের সামনে জয়ের লক্ষ্য রাখল ২১৪/৪। চেন্নাইকে জিততে হলে করতে হবে ২১৫ রান।
মরসুমের শুরুতে ফিল্ডিংয়ের গুরুতর চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের নামী তারকা কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে নামানো হয় সাই সুদর্শনকে।
বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়ে নজর কাড়েন ২১ বছরের উদীয়মান তারকা। যদিও কয়েক ম্যাচে তাঁকে খেলানো হয়নি। ফিনিশারের খোঁজে দলের অধিনায়ক হার্দিক খেলান মনোহরকে। কিন্তু বেশিদিন বসিয়ে রাখা যায়নি সুদর্শনকে। তিনি আসল ম্যাচেই জ্বলে উঠলেন। ধোনিরা তাঁকে কী করে থামাবে, সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন।
ফাইনালেও অনবদ্য ‘নীরব যোদ্ধা’ ঋদ্ধিমান, গ্যালারিতে বার্তা বোর্ড কর্তাদের
সুদর্শনের ব্যাট থেকে এসেছে ৮টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। একেকটি শট গিয়ে গ্যালারিতে পড়ছিল। এই তরুণই গুজরাত দলকে টেনেছেন।
শুরুতে ঋদ্ধিমান ও গিল ভালই খেলছিলেন। গিল ম্যাচে দু’বার জীবন পান, তারপরেও বড় রান করতে পারেননি। তাঁকে যেভাবে ধোনি স্টাম্পড করেছেন, সেটি নিয়ে বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত। বাংলার ঋদ্ধিমান ৫৪ রানের দামী ইনিংস খেলে গিয়েছেন। অধিনায়ক হার্দিক ১২ বলে ২১ রানের ঝটিতি ইনিংস খেলেছেন। দুটি বাউন্ডারি ছিল ইনিংসে।