ট্রেনের লাইনে সাইকেল, ট্র্যাক পরীক্ষার খরচ কমাতে নয়া উদ্যোগ রেলের
দ্য ওয়াল ব্যুরো: নাম দেওয়া হয়েছে ট্র্যাক ইন্সপেকশন সাইকেল। চলবে রেল লাইনের উপর দিয়ে। খরচ কমাতে এক নতুন উদ্যোগ ভারতীয় রেলের। ইতিমধ্যেই উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনে পরীক্ষামূলক ভাবে এই সাইকেল চলছে। তাতে চেপেই রেলকর্মীরা এক জায়গা থেকে আর
শেষ আপডেট: 19 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: নাম দেওয়া হয়েছে ট্র্যাক ইন্সপেকশন সাইকেল। চলবে রেল লাইনের উপর দিয়ে। খরচ কমাতে এক নতুন উদ্যোগ ভারতীয় রেলের। ইতিমধ্যেই উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনে পরীক্ষামূলক ভাবে এই সাইকেল চলছে। তাতে চেপেই রেলকর্মীরা এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাচ্ছেন রেল লাইনের স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য।
আরও পড়ুন
করোনা পরিস্থিতিতে লোকসানে চলা ভারতীয় রেল নানা ভাবে খরচ কমানোর চেষ্টা করছে। স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ থাকায় নানা পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে এই ফাঁকা সময়ে। তারই এক ফল এই ট্র্যাক ইন্সপেকশন সাইকেল। এতে খরচ যেমন কম, সুবিধা তেমন বেশি। এখন কোথাও লাইনে গোলযোগ দেখা দিলে সেখানে পৌঁছাতে হয় ট্রলি ব্যবহার করে। ট্রলি ঠেলার জন্য দু'জন লোক দরকার হয়। সাইকেল ব্যবস্থায় প্রাচীন ওই ঠেলার পদ্ধতি আর থাকছে না। নতুন পদ্ধতির সাইকেলে ট্রলির তুলনায় দ্রুত পৌঁছানোও সম্ভব। একটা সাইকেলে দু'জন কর্মী অনায়াসে যেতে পারেন। এর জন্য খরচও খুব বেশি নয়। হাজার তিনেক টাকাতেই তৈরি করা যাচ্ছে ট্র্যাক ইন্সপেকশন সাইকেল।
রেলের এক সহকারী ইঞ্জিনিয়র এই সাইকেল তৈরি করেন বলে জানা গিয়েছে। চেনা সাইকেলের সঙ্গে কিছু রড জুড়ে তা রেলের ট্র্যাকে চলার মতো করে নেওয়া হয়েছে। একটি লাইনে থাকছে সাইকেলের দুই চাকা। ভারসাম্য রাখার জন্য দু'টি রড সাইকেল থেকে বেরিয়ে অপর লাইনে একটি চাকার সঙ্গে যুক্ত হয়েছে। ব্যাস, এটুকুই প্রযুক্তি। এর মাধ্যমেই রেল লাইনে তরতরিয়ে চলছে বাই-সাইকেল। সঙ্গে দিন শেষ হতে চলেছে ঠেলা গাড়ি ট্রলির।
রেলের দাবি, বর্ষকালে বিশেষ কাজে দেবে এই ট্র্যাক ইন্সপেকশন সাইকেল। দ্রুত প্রয়োজনীয় মেরামতের জন্য পৌঁছতে পারবেন রেলকর্মীরা। তাড়াতাড়ি হবে সারাইয়ের কাজ। আর রেলের খরচও কমবে। কম কর্মীতেই হয়ে যাবে ট্র্যাক পর্যবেক্ষণ ও মেরামতির কাজ।