পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথির (Kanthi) এই তরুণী এখন জাতীয় স্তরের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) সেরা দশে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা প্রধান
শেষ আপডেট: 15 February 2026 17:41
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের মঞ্চে পৌঁছনো যতটা কঠিন, সেখানে টিকে থাকার লড়াই কখনও কখনও তার চেয়েও বেশি স্নায়ুচাপের। প্রতিভা, পরিশ্রম, আত্মবিশ্বাস— সব কিছু ঠিকঠাক চললেও হঠাৎ কোনও প্রশাসনিক জটিলতা পুরো পথটাই থামিয়ে দিতে পারে। কাঁথির অঙ্কিতা প্রধানের ক্ষেত্রে ঘটেছিল তেমনই এক আশঙ্কা। তবে শেষ পর্যন্ত জট কেটে যায় তৎপর উদ্যোগে।
পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথির (Kanthi) এই তরুণী এখন জাতীয় স্তরের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) সেরা দশে। একের পর এক পর্বে নিজের গানের জোরে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), শান (Shaan), বিশাল দাদলানির (Vishal Dadlani) মতো শিল্পীরাও তাঁর পরিবেশনায় মুগ্ধ। বাংলা থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে টপ টেনে জায়গা করে নেওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে তাঁকে ঘিরে।
এতদিন পর্যন্ত শুটিং চলছিল মুম্বইয়ে (Mumbai)। পরবর্তী গুরুত্বপূর্ণ পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে। কিন্তু সেখানেই সামনে আসে সমস্যা। অঙ্কিতা (Ankita Pradhan) নাবালিকা হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে অভিভাবক ছাড়া বিদেশে পাঠানো সম্ভব নয়। ফলে তাঁর মায়েরও সঙ্গে যাওয়া জরুরি হয়ে পড়ে।
সেই মতো পাসপোর্টের আবেদন করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা হাতে আসেনি। আয়োজকদের তরফে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না পড়লে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হবে। অর্থাৎ, সুরের লড়াইয়ে এগিয়েও প্রশাসনিক জটে থমকে যেতে পারত তাঁর যাত্রা।
এই পরিস্থিতিতে অঙ্কিতার পরিবার সাহায্যের আশায় যোগাযোগ করে তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ করা হয়। প্রশাসনিক স্তরে তৎপরতার ফল মিলতে দেরি হয়নি। শনিবার অঙ্কিতার মায়ের পাসপোর্ট হাতে পৌঁছে যায়। ফলে দুবাইয়ে শুটিংয়ে অংশ নেওয়ার সমস্ত বাধা কাটে।
সময়োচিত সহায়তায় স্বস্তি পেয়েছেন অঙ্কিতা ও তাঁর পরিবার। তাঁদের বক্তব্য, কয়েক দিনের দেরি হলে জাতীয় মঞ্চে এগিয়ে চলার সুযোগ হাতছাড়া হয়ে যেত। আপাতত সব দুশ্চিন্তা সরিয়ে নতুন উদ্যমে আন্তর্জাতিক মঞ্চে গান শোনানোর প্রস্তুতি নিচ্ছেন কাঁথির এই বঙ্গকন্যা।