দ্য ওয়াল ব্যুরো: একটি কুকুরের মৃত্যু। আর সেই মৃত্যুর জন্য অভিযোগ দায়ের হলো দুই পশু চিকিৎসকের বিরুদ্ধে।
এ কুকুর যে সে কুকুর নয়। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পোষ্য ১১ মাসের সাইবেরিয়ান হাস্কি। এটি কেসিআরের কয়েকটি পোষ্যের মধ্যে একটি। কেসিআরের ক্যাম্প অফিসে নটি পোষ্য আছে।
হাস্কিটির মৃত্যুর পরে তাঁদের দুই পশু চিকিৎসকের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। মৃত কুকুরটির দেহের ময়না তদন্তও হয়েছে। বাঞ্জারা হিলস থানার এক পুলিশকর্তা তদন্ত চলছে। হাস্কিটির মৃত্যুর পিছনে কোনও অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রের খবর, কেসিআরের পোষ্যগুলির দেখাশোনা করেন আসিফ আলি নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, গত ১০ সেপ্টেম্বর হাস্কিটি অসুস্থ হয়ে পড়ে। সে কিছুই খাচ্ছিল না। পরের দিন ডঃ রজিত ও ডঃ লক্ষ্মী শ্রীনিবাস নামে ওই দুই পশু চিকিৎসক এসে দেখে ওষুধ দিয়ে যান। কিন্তু তাতে অবস্থার অবনতি হওয়ায় ১১ মাসের হাস্কিটিকে বাঞ্জারা হিলস এলাকার একটি পশু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সে মারা যায়। অবহেলার অভিযোগে ওই দুই পশুচিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করেন আসিফ আলি।
অভিযুক্তদের মধ্যে এক জন ছুটিতে ও অন্য জন শহরের বাইরে বলে জানা গেছে।