শুক্রবার ১ অগস্ট থেকে আগামী ৭ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 August 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এবার খেলবে লম্বা ইনিংস (Weather Update)। এমনটাই জানাল ভারতের আবহাওয়া দফতর (IMD)। চলতি বছর অগস্ট ও সেপ্টেম্বর মাসে (August-September) স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস। বর্ষার দ্বিতীয়ার্ধে ১০৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
শুক্রবার ১ অগস্ট থেকে আগামী ৭ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। জলপাইগুড়িতে শনিবার ও রবিবার রয়েছে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট।
পূর্বাভাস অনুযায়ী: ২ অগস্ট (শনিবার) থেকে ৭ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে। অন্যদিকে আগামী সাত দিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯%, ন্যূনতম ৯৫%।
আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “বর্ষার দ্বিতীয়ার্ধে বর্ষণ হবে স্বাভাবিকের তুলনায় বেশি। সেপ্টেম্বরেও থাকবে বর্ষার প্রভাব।"
এই অতিরিক্ত বৃষ্টি কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেললেও, উত্তরবঙ্গ ও পার্বত্য এলাকায় ভূস্খলনের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।