পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা বাড়িতে বোমা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তারপরেই বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের নিয়ে মোলান্দি গ্রামে যায়।

আনোয়ার শেখের বাড়িতে তল্লাশি
শেষ আপডেট: 27 June 2025 18:32
কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন মোড়। অভিযুক্ত আনোয়ার শেখ ও মানোয়ার শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বোমা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা বাড়িতে বোমা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তারপরেই বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের নিয়ে মোলান্দি গ্রামে যায়।
শুক্রবার সকাল থেকে অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। দুপুর সাড়ে বারোটায় চার সদস্যের বোম স্কোয়াডের দল মোলান্দি পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি বোমা উদ্ধার করে। পরে সেগুলো পাশের বাঁশবাগানে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ প্রশাসন। তবে অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ জানান, ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতেই বোমা মজুদের তথ্য মেলে এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে আরও একজনকে আটক করা হয়েছে, যদিও তার বিষয়ে কিছু জানাননি তিনি। এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। তাঁদের আশঙ্কা অভিযুক্তদের বাড়িতে আরও বিস্ফোরক লুকিয়ে থাকতে পারে।
সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। জায়গায় জায়গায় বের হয় বিজয় মিছিল। অভিযোগ, সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে। ওই সময় ঘরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের ১০ বছরের মেয়ে। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেয়ের মৃত্য়ুর খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। সেই ঘটনায় আলোড়ন পড়ে রাজ্য রাজনীতিতে।