বিচারপতির প্রশ্ন, “শুধু বিভাগীয় ব্যবস্থা কেন? চাকরি তো থাকারই কথা নয়!"

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 17 September 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: ঘুষ চাওয়ার অভিযোগে জর্জরিত তারকেশ্বর থানার এক মহিলা পুলিশ অফিসার (Police)। হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টেই উঠে এসেছে অভিযোগ সত্যি। তদন্তকারী অফিসার টাকা চেয়েছিলেন—এ কথা স্বীকার করেছে পুলিশ নিজেই।
তবে সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্ত অফিসার টাকা নেননি, শুধু চেয়েছিলেন। তাই তাঁকে সতর্ক করে বিভাগীয় পদক্ষেপ শুরু হয়েছে। কিন্তু এই বক্তব্যে সন্তুষ্ট নন ডিভিশন বেঞ্চ।
বিচারপতির প্রশ্ন, “শুধু বিভাগীয় ব্যবস্থা কেন? চাকরি তো থাকারই কথা নয়! পুলিশ যদি টাকা চায়, সাধারণ মানুষ কাকে ভরসা করবে?”
ঘটনার সূত্রপাত, বিল্টু হাজরা নামে এক ইঞ্জিনিয়ারের প্রতিবেশীর সঙ্গে বিবাদ ঘিরে। তাঁর অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে প্রতিবেশী তাঁর নামে একটি মহিলা সংক্রান্ত পাল্টা অভিযোগ দায়ের করে। অভিযোগকারীর দাবি, তদন্তকারী মহিলা অফিসার ফোনে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। সেই ফোনালাপ রেকর্ড করে হাইকোর্টে জমা দেন বিল্টু।
সিঙ্গেল বেঞ্চের রায় সন্তোষজনক না হওয়ায় তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই শুনানিতেই রাজ্যকে তিরস্কার করে বিচারপতির কড়া মন্তব্য— “যে অফিসার ঘুষ চায়, তিনি তদন্ত করছেন কীভাবে? এটা কি সরকারের নীতি?”
১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। সেদিন ফের রিপোর্ট দিতে হবে পুলিশকে।
উল্লেখযোগ্যভাবে, শুধু বাংলাই নয়, রাজধানী দিল্লিতেও ঘুষ নেওয়ার অভিযোগে সম্প্রতি সিবিআই গ্রেফতার করেছে দুই কনস্টেবলকে। সেখানেও অভিযোগ, এক মহিলার কাছ থেকে ১১ হাজার টাকা ‘ডাউন পেমেন্টে’ নিয়ে মাসিক কিস্তিতে ঘুষ নিচ্ছিলেন তাঁরা।