কিংবদন্তিকে দেখার সুযোগ তো আর বারবার আসে না (Messi News)। এ যেন হ্যালির ধূমকেতু। তবে, বিরোধী দলনেতা যেন একটা শর্তসাপেক্ষে চ্যালেঞ্জ নিয়ে ফেললেন।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী ও মেসি
শেষ আপডেট: 15 December 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুবভারতীতে যে কাণ্ডটা ঘটেছে, তার জন্য নিঃসন্দেহে মুখ পুড়েছে বাঙালির (Messi Kolkata)। মেসিকে (Kolkata Messi) ঘিরে ছবি তোলার মতো আদেখলাপনা, মেসির গায়ের সঙ্গে নেতা-মন্ত্রী, হর্তা-কর্তাদের সেঁটে থাকার কারণে প্রিয় ফুটবলারকে এক চুলও দেখতে পারেননি কাড়ি কাড়ি টাকা কেটে গ্যালারি ভরানো দর্শকরা। কিংবদন্তিকে দেখার সুযোগ তো আর বারবার আসে না (Messi News)। এ যেন হ্যালির ধূমকেতু। তবে, বিরোধী দলনেতা যেন একটা শর্তসাপেক্ষে চ্যালেঞ্জ নিয়ে ফেললেন। জানালেন, বাংলার মানুষ যদি বিজেপিকে জেতায়, তাহলে মেসিকে আবার কলকাতায় আনার ব্যবস্থা করবেন (Lionel Messi)।
মেসিকে দেখতে না পাওয়ার ক্রোধে বাংলার উন্মত্ত জনতার তাণ্ডব গোটা পৃথিবী দেখেছে। বেলা সাড়ে ১১টা নাগাদ যুবভারতীর চার এবং পাঁচ নম্বর গ্যালারির মাঝখান দিয়ে মেসির অডি কিউ সেভেন এসে থামে যুবভারতীর অ্যাথলেটিক ট্র্যাকের সামনে। মেসি গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ফেলেন প্রায় খান শতক মানুষ। যাঁদের মধ্যে ছিলেন মূলত উদ্যোক্তা, নেতা, মন্ত্রী এবং তাঁদের চ্যালাচামুন্ডারা।
মেসির গায়ে সর্বক্ষণ জোঁকের মতো লেপ্টে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রভাবশালীদের ভিড় মেসির সঙ্গে সঙ্গে যত এগিয়েছে, ছবি তোলার হিড়িক, ধাক্কাধাক্কিও বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দুশো লোকের মাঝে মেসিকে দেখতে না পাওয়া দর্শকের রাগ। পরের ঘটনা এখন সবারই জানা।
এদিকে যাবতীয় বিশৃঙ্খলার দায় আয়োজক শতদ্রু দত্তের ঘাড়ে গিয়ে পড়েছে। তিনি এখন ১৪ দিনের পুলিশি হেফাজতে। অন্যদিকে, তাঁরই আয়োজনে যখন হায়দরাবাদ-মুম্বইয়ের অনুষ্ঠান সুন্দর ভাবে উৎরে গেল, তখন প্রশাসনের ব্যর্থতার দিকটাও ঝেড়ে ফেলা যাচ্ছে না।
যদিও অব্যবস্থার আভাস নাকি অনুষ্ঠানের আগের দিনই টের পেয়ে গিয়েছিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী। মূল আয়োজক শতদ্রুদের সঙ্গে অনুষ্ঠানের সূচি নিয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুবভারতীতে বসে ছিলেন অরূপ। কিন্তু শতদ্রুকে নাকি পাওয়াই যায়নি।
শুভেন্দু অধিকারীও সুযোগ বুঝে সেই জায়গাটাই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন বারবার। প্রশাসনকে বিঁধে তাদের ফাঁকফোঁকর নিয়ে সরব হচ্ছেন। বিরোধী দলনেতার কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে এনে 'খেলা হবে' করতে চেয়েছিলেন। উল্টে খেকা হয়ে গেছে। বিজেপি সরকারে এলে মেসিকে আবার নিয়ে আসা হবে। তখন দেখানো যাবে, আসল খেলা কাকে বলে। হায়দরাবাদ, মুম্বইয়ে সুন্দর অনুষ্ঠান হয়েছে তার কারণ, সেখানে মমতা-অরূপ নেই। আর পুলিশরা তোলাবাজ নয়।"