দ্য ওয়াল ব্যুরো : একটি ওয়েব পোর্টালে পেগাসাস রিপোর্ট প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে গেল, দেশ জুড়ে তা বড় ইস্যু হয়ে উঠেছে। আগেই বোঝা গিয়েছিল, এবার সংসদের বাদল অধিবেশন উত্তাল হবে। সোমবার পেগাসাস নিয়ে চিৎকারের মধ্যে লোকসভায় নতুন মন্ত্রীদের পরিচয় পর্যন্ত করাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যা পর্যন্ত বিরোধী রাজনীতিক, দুই কেন্দ্রীয় মন্ত্রী এবং শিল্পপতিদের ফোনে আড়ি পাতা নিয়ে বিবৃতি দিল না সরকার। তার পরিবর্তে প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে বললেন, ফোনে আড়ি পাতার জন্য দেশে কী আইন আছে।
এদিন পরস্পরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করেছে দেশের দুই জাতীয় দল কংগ্রেস ও বিজেপি। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সাংবাদিক বৈঠক করে বলেন, কেন্দ্রীয় সরকার একটি ইজরায়েলি সফটওয়ারের সাহায্যে স্পাই র্যাকেট চালাচ্ছে। এই কাজ দেশদ্রোহিতার শামিল। অন্যদিকে রবিশংকর প্রসাদ সাংবাদিক বৈঠক করে বললেন, সংসদের বাদল অধিবেশনের ঠিক আগের দিনই একটি ওয়েব পোর্টালে পেগাসাস নিয়ে রিপোর্ট প্রকাশিত হল কেন? প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মতে, এর পিছনে নির্দিষ্ট ছক আছে। কংগ্রেসের নাম উল্লেখ না করে তাঁর প্রশ্ন, "কোনও দল কি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সুপারি এজেন্ট হিসাবে কাজ করছে?"
রবিশংকর প্রসাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ ঘটছে, আত্মনির্ভর ভারত গড়ে উঠছে, তা কারও কারও ভাল লাগছে না। কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সাফল্য দাবি করে প্রাক্তন মন্ত্রী বলেন, দেশের ৪০ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। নাগরিকদের ৭৫ শতাংশকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, ডিজিটাল ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশ বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে। আমাদের সৈনিকরা বীরত্ব দেখাচ্ছেন। এই সাফল্য অনেকের পছন্দ হচ্ছে না।
যে ওয়েব পোর্টালে পেগাসাস কেলেংকারি প্রকাশিত হয়েছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রবিশংকর প্রসাদ। তাঁর বক্তব্য, অতীতে ওই পোর্টালে অনেক ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে। একবার সুপ্রিম কোর্টের এক বিচারপতির মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রকাশিত হয়েছিল। সেজন্য সুপ্রিম কোর্ট ওই পোর্টালকে তিরস্কার করে। তাছাড়া পেগাসাস নিয়ে প্রতিবেদন প্রকাশ করার সময় পোর্টালটি কোনও প্রমাণ দাখিল করেনি।
পেগাসাস রিপোর্টে প্রকাশিত হয়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ফোনেও আড়ি পাতা হয়েছিল। রবিশংকর প্রসাদ বিদ্রুপ করে বলেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি তো রোজই মনের কথা টুইট করে বলেন। তাঁর গোপন কথা কী থাকতে পারে?
প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দাবি, কংগ্রেস একটা হেরে যাওয়া দল। পাঞ্জাবে তাদের দলের মধ্যে কী নাটক চলছে, তা সকলেই দেখছেন। রাজস্থানে এক মন্ত্রী অভিযোগ করেছেন, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। এই পরিস্থিতিতে সকলের নজর ঘোরানোর জন্যই পেগাসাস কেলেংকারি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। কয়েকটি 'কংগ্রেস ঘেঁষা' চ্যানেলের বিরুদ্ধে বিদেশি অর্থ, বিশেষত চিন থেকে অর্থ পাওয়ার অভিযোগ তোলেন প্রাক্তন মন্ত্রী।
এদিন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী টুইট করে বলেছেন, "পেগাসাস কেলেংকারির কথা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে, মোদী সরকার ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপরে ভয়ানক আঘাত হেনেছে।"
ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছেন, তিনি পাঁচবার মোবাইলের হ্যান্ডসেট বদলেছেন। তাও আড়ি পাতা বন্ধ করতে পারেননি। তৃণমূল থেকে অভিযোগ করা হয়েছে, দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও হ্যাক করা হয়েছিল। এর মধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী চৌবে বলেছেন, ভারতে বেআইনিভাবে আড়ি পাতা সম্ভব নয়। সেজন্য নির্দিষ্ট আইন আছে।
পর্যবেক্ষকদের মতে, পেগাসাস নিয়ে চাপান-উতোর যে আগামী দিনে আরও তীব্র হয়ে উঠবে, তার যথেষ্ট ইঙ্গিত মিলেছে সোমবার।