শনিবার দায়িত্ব নিয়ে পীযুষ পাণ্ডে বলেন, “আজ আমি দায়িত্ব নিলাম। আমার সহকর্মীরাও সঙ্গে আছেন। একসঙ্গে একটা দল হয়ে মানুষের পূর্ণ সহযোগিতায় কাজ করব।”

সুপ্রতিম সরকার ও ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে
শেষ আপডেট: 31 January 2026 18:43
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের (DG Rajeev Kumar) মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেলেন পীযুষ পাণ্ডে (Peeyush Pandey)। শনিবার জয়েন করার পর তিনি জানান, দলগত ভাবেই কাজ করার উপর জোর দেওয়া হবে। তবে ভোটের আগে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে, সে প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি তিনি।
শনিবার দায়িত্ব নিয়ে পীযুষ পাণ্ডে বলেন, “আজ আমি দায়িত্ব নিলাম। আমার সহকর্মীরাও সঙ্গে আছেন। একসঙ্গে একটা দল হয়ে মানুষের পূর্ণ সহযোগিতায় কাজ করব।”
গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশের ডিজি পদ ঘিরে জল্পনা চলছিল। বর্তমানে রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। অস্থায়ী বা ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। সেই পরিস্থিতি মাথায় রেখেই নবান্ন স্থায়ী ডিজি নিয়োগের জন্য নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের শীর্ষস্তরের এই রদবদলের কথা জানানো হয়।
নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযুষ পাণ্ডে ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। রাজ্য পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডিরেক্টর (সিকিউরিটি), এডিজি (ট্রাফিক) এবং এডিজি (কারা)-সহ একাধিক দায়িত্ব সামলেছেন তিনি।
ডিজি বদলের পাশাপাশি কলকাতা পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন এসেছে। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। তিনি এত দিন এডিজি (দক্ষিণবঙ্গ) পদে ছিলেন। সূত্রের খবর এদিন, তিনি পুলিশের ট্রাফিক বিভাগকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এলাকা নিয়ে যেন কোনও টালবাহানা যেন না দেখা যায়।
বস্তুত, এতদিন নগরপালের দায়িত্ব সামলেছেন মনোজ ভার্মা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হলেন ডিরেক্টর (সিকিউরিটি)।
এডিজি (এসটিএফ) পদে আনা হয়েছে জাভেদ শামিমকে। এত দিন তিনি এডিজি (আইনশৃঙ্খলা) ছিলেন। তাঁর জায়গায় এডিজি (আইনশৃঙ্খলা) হিসেবে দায়িত্ব নিলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। বিনীত আগে এডিজি (এসটিএফ) ছিলেন। আরজি কর কাণ্ডের পর তাঁকে ওই পদে আনা হয়েছিল।
শুধু ডিজি বা কলকাতার পুলিশ কমিশনার বদলেই থেমে থাকেনি এই রদবদল। শুক্রবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার বদলির কথাও জানানো হয়েছে। তালিকায় রয়েছে বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনার, ডিজি (অগ্নি), ডিজি (হোমগার্ড), একাধিক এডিজি এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি।
ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই ব্যাপক রদবদল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, তা বলাই বাহুল্য।