দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের দুই শীর্ষ নেতার মন্তব্য নিয়ে ফের বিতর্কের ঝড় উঠল কংগ্রেসের অন্দরে। রমেশ কুমার এবং কেএইচ মুনিয়াপ্পা নামের ওই দুই কংগ্রেস নেতার কথা নিয়ে আগেও জলঘোলা হয়েছে রাজনীতিতে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে একটি আসনে তাঁদের দু'জনের মধ্যে কে প্রার্থী হবেন, তা নিয়ে টানাপড়েনও রয়েছে দলের অন্দরে। এই অবস্থায় রমেশ কুমার মুনিয়াপ্পাকে কটাক্ষ করে মন্তব্য করে বসলেন, "আমি কোনও পুরুষের সঙ্গে শুই না। আমার বিয়ে করা বৌ আছে। ফলে তার (মুনিয়াপ্পার) আগ্রহ থাকতে পারে, আমার নেই।"
বিতর্কের সূত্রপাত অবশ্য গত মাসে। অভিযোগ উঠেছিল, দলের অন্দরে দুই শীর্ষ নেতা মুনিয়াপ্পা এবং রমেশ কুমারের মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠেছে। সেই সময়ে অভিযোগ অস্বীকার করে, শ্রীনিবাসপুরের একটি সভায় সাংবাদিকদের উদ্দেশে মুনিয়াপ্পা বলেছিলেন, "রমেশ এবং আমি স্বামী-স্ত্রীয়ের মতো। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।" অর্থাৎ দলীয় বিরোধিতার চাপানউতোরকেই অস্বীকার করতে চেয়েছিলেন মুনিয়াপ্পা।
কিন্তু তাঁর সেই চেষ্টায় জল ঢেলে দিয়ে, এই মন্তব্যের প্রসঙ্গেই ফের বিতর্কিত কথা বলেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার। প্রামাণ করে দিলেন, দলার ভিতরে তাঁরা মোটেই সুসম্পর্ক বজায় রেখে চলেন না। সূত্রের খবর, মুনিয়াপ্পার বিরুদ্ধে তিনি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
লোকসভা নির্বাচনের মুখে শরিক দল কংগ্রেসের দুই নেতার এই আচরণ রীতিমতো অস্বস্তিতে ফেলে দিল কর্নাটকের কংগ্রেস-জনতা দল জোটকে। এই প্রথম নয়। এর আগেও এই দুই কংগ্রেস নেতার মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। সেই বারও দলের ভিতরে বেশ অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয়েছিল।
কর্নাটকের কংগ্রেস রাজনীতিতে এই দুই নেতার সমস্যা কার্যত সকলেই জানেন। এ বারও তাঁর পুরনো কোলার নির্বাচনী কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়বেন মুনিয়াপ্পা। এই মনোনয়নে যে তাঁরা আদৌ খুশি নন, ইতিমধ্যেই তা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার। পাশে পেয়েছেন কোলার লোকসভা আসনের মধ্যে পড়া কয়েকটি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত কংগ্রেস জনপ্রতিনিধিদেরও।
তাঁদের অভিযোগ, নিজের কেন্দ্রে জনপ্রিয়তা খোয়ানোর পরেও হাইকম্যান্ডের সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলায় এ বারও কোলার আসনে দলের টিকিট পেয়েছেন মুনিয়াপ্পা। শুধু তা-ই নয়, আসন্ন লোকসভা ভোটে মুনিয়াপ্পা তাঁর আত্মীয়স্বজনদেরও টিকিট পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন বলে উঠেছে অভিযোগ।