হুমায়ুন বলেন, "আমি আগামীকালই বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করব। রাজ্যে ১৩৫ টি আসনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব।"

শেষ আপডেট: 4 December 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বুধবার সন্ধেতেও তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর জনসভায় যাবেন। সেই মতোই বৃহস্পতিবার সকাল সওয়া ১১টা নাগাদ বহরমপুরে মুখ্য়মন্ত্রীর সভাস্থলে হাজির হন হুমায়ুন কবীর। এরপরেই ছন্দপতন। সেখানে পৌঁছেই তিনি শুনতে পান তাঁকে তৃণমুল দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপরেই মুখচোখের চেহারা বদলে যায় ভরতপুরের বিধায়কের। সঙ্গে সঙ্গেই রেগে গিয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন।
একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি - এই অভিযোগে বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে হুমায়ুন কবীরকে। এদিন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন ফিরহাদ হাকিম। বহরমপুরের সভাস্থলে পৌঁছতেই সেই খবর কানে পৌঁছয় তাঁর। সঙ্গে সঙ্গে সভাস্থলে ছেড়ে বেরিয়ে যান রাগত হুমায়ুন। তখন সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি বলতে থাকেন, "২০১৫ সালেও তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল দল। কোনও নোটিশ ছাড়াই। এবারও একই ঘটনা।"
হুমায়ুন বলেন, "আমি আগামীকালই বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করব। রাজ্যে ১৩৫ টি আসনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব।"
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে গত কয়েক দুিন ধরেই বিতর্ক তৈরি করেছিলেন হুমায়ুন কবীর। শুধু তাই নয়, ৬ ডিসেম্বরই তার শিলান্যাস করার ঘোষণা করেছিলেন। এই নিয়ে হইচই তৈরি হওয়ার পরই তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে। তারপরেও হুমায়ুন জানিয়েছিলেন বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন তিনি। এই সভা শুরুর আগেই বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়ে দেন, ৩ বার তাঁকে শোকজ করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। তাই দল থেকে এবার তাঁকে সাসপেন্ড করা হল।