গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভরতপুরের তৃণমূল বিধায়ক। কখনও প্রকাশ্যে তোপ দেগে দলকে বিড়ম্বনায় ফেলেছেন, কখনও জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 3 December 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। আর একই দিনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে তাঁর হাতে পৌঁছল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee, Meeting) বৃহস্পতিবারের প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র!
হুমায়ুনের সাফ কথা, “মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক এসেছে, অবশ্যই যাব। মুখ্যমন্ত্রী যা বলবেন, পালন করব।” রাজ্যপালের নির্দেশ নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভরতপুরের তৃণমূল বিধায়ক। কখনও প্রকাশ্যে তোপ দেগে দলকে বিড়ম্বনায় ফেলেছেন, কখনও জেলা নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এমনকি নতুন দল গঠনের কথাও ঘোষণা করেছিলেন হুমায়ুন।
তাতেও থামেননি। আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘোষণা করে রীতিমতো প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন তিনি। অভিযোগ, বাধা দেওয়া হচ্ছে তাঁর উদ্যোগে। তার জেরে জাতীয় সড়ক অবরোধের ডাক, সঙ্গে এসডিপিও-র ‘কলার ধরার’ হুঁশিয়ারি—সব মিলিয়ে নিরাপত্তা মহলে অস্বস্তি বাড়ছে।
এই পরিস্থিতিতেই রাজ্যপাল সরাসরি রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন—হুমায়ুনের মন্তব্যে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থাকলে ‘প্রিভেনটিভ অ্যারেস্ট’ করতেই হবে। রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও সতর্ক করেছেন।
তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও উত্তর বা পদক্ষেপ নেই বলেই খবর। এখন নজর রাজভবনের দিকে, রাজ্যপাল কি সত্যিই নিজে ব্যবস্থা নিতে চলেছেন? নাকি মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার আগেই নতুন মোড় নেবে ভরতপুরের রাজনৈতিক টানাপড়েন?