এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সদ্য দলত্যাগী বিধায়ক। তাঁর বক্তব্য, “ভয় পেয়েছে তৃণমূল, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে।”
.jpeg.webp)
হুমায়ুন কবীর।
শেষ আপডেট: 5 January 2026 13:56
দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেডের (Brigade) ময়দান পরিদর্শনে এসে তৃণমূলের একাংশের বিক্ষোভের (Protest, Trinamool activists) মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর বিরুদ্ধে স্লোগান, কটূক্তি— এমনকি বিজেপির ‘চামচা’ বলেও সম্বোধন করা হয় বলে অভিযোগ। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁর চারপাশে বৃত্ত তৈরি করায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণেই থাকে।
হুমায়ুনের পরিকল্পনা, ৩১ জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সভা। সেই সভার প্রস্তুতি হিসেবেই সোমবার সকালে ব্রিগেডে এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। ঠিক তখনই ঘটে বিক্ষোভের ঘটনা।
এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সদ্য দলত্যাগী বিধায়ক। তাঁর বক্তব্য, “ভয় পেয়েছে তৃণমূল, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে।”
তারপরেই সোজাসাপটা হুঁশিয়ারি, “কলকাতা কারও বাবার নয়। মসজিদও হবে, সমাবেশও হবেই। যার ক্ষমতা আছে, রুখে দেখাক।”
বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক দাবি করে বলেন, “মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।” এ ব্যাপারে হুমায়ুনকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, “কে কী বলল, তার জবাব দিতে আমি বাধ্য নই।”
গত ২০ ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। তার আগে ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরেই তাঁর সঙ্গে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে আসে। তারপর থেকেই একের পর এক ইস্যুতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন ভরতপুরের এই বিধায়ক।
এদিন ব্রিগেডের মাঠ পরিদর্শনে গিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে হুমাযুন বলেন, "চাকরি বিক্রি করে
দুর্নীতিতে ইতিহাস তৈরি করেছে মমতা চোরেরর সরকার। সে কারণেই বাংলার মানুষের স্বার্থে নতুন দল গঠন করেছি। ভোটে লড়ে মমতাকে ক্ষমতাচ্যুত করব"। ব্রিগেডে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে বলেও জানান হুমায়ুন।
আক্রমণ শানিয়েছেন বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বিভিন্ন সভা সমাবেশে শুভেন্দুর দাবি, এবারের ভোটে বিজেপি ২২০টি আসন পাবে। এ ব্যাপারে হুমায়ুনের কটাক্ষ, "শুভেন্দু ২২০ কোথা থেকে পাবে? বিজেপি তো ৩০ হাজার বুথে কর্মীই দিতে পারে না!"
নতুন দল গঠনের পর হুমায়ুন জানিয়েওছিলেন তাঁর নব গঠিত দল ১৩৫টি আসনে প্রার্থী দেবে। এদিন হুমায়ুন জানান, এখন ১৮২টি আসনে প্রার্থী রেডি আছে।