শুধু মালদহ-মুর্শিদাবাদেই সীমাবদ্ধ থাকলেন না হুমায়ুন কবীর। নতুন দল ঘোষণার পরেই প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন বালিগঞ্জ ও ইছাপুর কেন্দ্রেও।

শেষ আপডেট: 22 December 2025 14:07
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ: শুধু মালদহ-মুর্শিদাবাদেই সীমাবদ্ধ থাকলেন না হুমায়ুন কবীর। নতুন দল ঘোষণার পরেই প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন বালিগঞ্জ ও ইছাপুর কেন্দ্রেও।
প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবীর। আজ, সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। এদিন মঞ্চ থেকে ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল ঘোষণার পরেই ২৬ এর ভোটের জন্য পরের পর প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেন তিনি।
হুমায়ুন জানিয়েছেন, তিনি লড়বেন রেজিনগর ও বেলডাঙা থেকে। পাশাপাশি লড়বেন আরেক হুমায়ুন কবীরও। পেশায় ডাক্তার এই হুমায়ুন কবীর লড়াই করবেন রানিনগর বিধানসভা কেন্দ্র থেকে। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসককে তৃণমূলের প্রার্থী করেছিলেন। যদিও তিনি হেরে যান।
হুমায়ুন জানান, খড়্গপুর গ্ৰামীণ কেন্দ্রে ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি পেশায় ব্যবসায়ী। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার প্রার্থীর নাম ডঃ ওয়েদুল রহমান।
বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরে ‘জনতা উন্নয়ন পার্টির’ প্রার্থী হবেন সিরাজুল মণ্ডল। সিরাজুলের দাবি, তিনি ২১ জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এবার হাত ধরলেন হুমায়ুন কবীরের। এদিন হুমায়ুন কবীরের সভায় ভিড় চোখে পড়ার মতো। মঞ্চে দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা-নেত্রীকে। হুমায়ুন আগেই জানিয়েছিলেন, যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম ঘোষণা করলেন। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি অনেকের পরনে দলের নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে।