পোষ্যপ্রেমীদের মতে, এই উদ্যোগে বেআইনি ব্যবসা ও নির্যাতন কিছুটা হলেও রোখা সম্ভব হবে।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 21 August 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: শখ করে কিনে, তারপর শখ ফুরোলে রাস্তায় ফেলে দেওয়া বা নির্যাতন—এমন অমানবিক ছবি মাঝেমধ্যেই দেখা যায়। এবার সেই প্রবণতা আটকাতে বড় পদক্ষেপ নিল হাওড়া পুরসভা (Howrah Municipality)।
বাড়ির বিদেশি প্রজাতির কুকুর পোষ্য (Foreign Breed Dogs) হিসেবে রাখতে গেলে অনলাইনে লাইসেন্স করানো বাধ্যতামূলক করল পুর কর্তৃপক্ষ (License mandatory)।
লাইসেন্স বাবদ বছরে দিতে হবে মাত্র ১৫০ টাকা। হাওড়া পুরসভার ওয়েবসাইটেই মিলবে আবেদন ও পুনর্নবীকরণের সুবিধা। তবে লাইসেন্স পেতে হলে জমা দিতে হবে পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট ও মালিকের আধারের তথ্য। শুধু কুকুর নয়, ভবিষ্যতে বিদেশি প্রজাতির পাখি বা এক্সটিক বার্ড যেমন ম্যাকাও, কুকাটিয়েল, ক্যানারিস রাখার ক্ষেত্রেও লাইসেন্স চালুর ভাবনাচিন্তা করছে পুরসভা।
পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, “দীর্ঘদিন ধরে পোষ্যপ্রেমীরা লাইসেন্সের দাবি জানাচ্ছিলেন। লাইসেন্স থাকলে মালিকদের আইনি সহায়তা পেতেও সুবিধে হবে।”
পোষ্যপ্রেমীদের মতে, এই উদ্যোগে বেআইনি ব্যবসা ও নির্যাতন কিছুটা হলেও রোখা সম্ভব হবে। অনামিকা রায় মৌলিক, যিনি জার্মান শেফার্ড ও উদ্ধার করা একটি ল্যাব্রাডর পালন করেন, বলেন, “ওরা তো আমাদের সন্তানের মতো। অথচ রেসকিউ সেন্টারে ফেলে যাওয়া কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। পুরসভার এই পদক্ষেপে মানুষ অন্তত সচেতন হবেন বলে আশা।”
বিদেশি প্রজাতির কুকুর নিয়ে বাড়তি শখ থাকলে এবার আর খামখেয়ালি নয়, বাধ্যতামূলক হল লাইসেন্স। বাস্তবে তা কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।