মেজাজ হারিয়ে ওই পথচারী ভ্যানচালককে সজোরে চড় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভ্যানচালক।

হাওড়া কোনায় উত্তেজনা।
শেষ আপডেট: 14 August 2025 14:52
দ্য় ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার কোনায় মর্মান্তিক ঘটনা। এক চড়ে মৃত্য়ু হল এক ভ্যান চালকের। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে একটি স্কুলের সামনে এক পথচারীকে ধাক্কা মারে একটি সাইকেল ভ্যান। এই নিয়েই বচসা বাধে। অভিযোগ, ভ্যান চালককে চড় মারেন ওই পথচারী। তাতেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, মৃতের নাম অলোক নস্কর (৫০)। দাসনগরের কোনার বাসিন্দা অলোক এদিন সকালে ভ্যানে করে আলু নিয়ে যাচ্ছিলেন। বেনারস রোডে কোনা স্কুল মোড়ে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিলেন অসীম দাস নামে এক ব্যক্তি। আলুর ভ্যানটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁকে ধাক্কা দেয়। তাতেই মেজাজ হারান অসীম। সপাটে চড় মারেন অলোককে। চড় খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যান ওই ব্য়ক্তি। মাথায় আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
চোখের সামনে এমন ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। অসীমকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় বেধড়ক মার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তকে কোনওমতে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক কাণ্ডে হতভম্ভ এলাকার মানুষ।