সিসিটিভিতে দেখা গেছে, হঠাৎ ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে সৌমেনকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে, মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 August 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে বুধবার যে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Accident) ঘটেছে তার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্য এল। তাতে দেখা যাচ্ছে, কীভাবে দুর্ঘটনায় প্রাণ হারান ওই ডেলিভারি বয়।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার হিরন্ময়পুর গ্রামের সৌমেন মণ্ডল। পাশেই আরেকটি বাইক, আর খানিকটা পিছনে সাদা রঙের একটি গাড়ি।
সিসিটিভিতে দেখা গেছে, হঠাৎ ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে সৌমেনকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে, মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ। ঝলসে যায় বাইকের যুবকের দেহ। পরে হাসপাতালে নেওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।
দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, পাল্টা পুলিশের দিকে ছোড়া হয় পাথর। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন পুলিশকর্মী। অবশেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুন, পুলিশের কাজে বাধা, হামলা ও ইটবৃষ্টির অভিযোগে দুটি আলাদা মামলা রুজুর প্রক্রিয়া চলছে। কিন্তু দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার।
অভিযোগ উঠেছে, পুলিশ সময়মতো উদ্ধার কাজে এগোয়নি। শুধু তাই নয়, পড়াশোনা না জানা কাউকে দিয়ে বয়ান লিখিয়ে সই করানোর অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।