
মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
শেষ আপডেট: 8 February 2025 15:01
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়ায় আক্রান্ত পুলিশ। ইটের আঘাতে মাথা ফাটল এক পুলিশ আধিকারিকের। জখম হয়েছেন এক ভিলেজ পুলিশও।
শনিবার দুপুরে পাঁচঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে অশান্তি বাঁধে। মাধ্যমিক পরীক্ষা আসন্ন। তার আগে তারস্বরে বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। সেই অভিযোগ পেয়ে সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের।
শোভাযাত্রা আটকে পুলিশ সাউন্ড বক্স খুলে নিতে গেলে গ্রামবাসীদের একাংশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় মারধর। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছোড়া হয়। ইটের ঘায়ে জখম হয়েছেন এএসআই রাজদেব হাজরা। ও ভিলেজ পুলিশ সুদীপ ঘোষ। ইটের ঘায়ে মাথা ফেটে যায় রাজদেববাবুর।
আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।