
শেষ আপডেট: 27 June 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গোটা রাজ্যজুড়ে চলা উচ্ছেদ অভিযানে শরিক হল রিষড়াও। বৃহস্পতিবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় রিষড়া পুরসভা। প্রথমে মাইক নিয়ে দোকানদারদের সচেতন করে পুলিশ। সমস্ত অস্থায়ী দোকান যারা পুরসভার জায়গা দখল করে ছিল অথবা ফুটপাথ দখল পরে বসে আছে, তাদের সাত দিন সময় দেওয়া হয়।
পুলিশ জানিয়ে দেয় দোকান সরিয়ে না নিলে পুরসভা জেসিবি দিয়ে দোকান ভেঙে সরিয়ে দেবে। রাস্তার উপর চলে আসা অস্থায়ী ছাউনি, প্লাস্টিকের শেড খুলে দেয়। রিষড়া মৈত্রী পথ, স্টেশন রোড, আর বি সি রোড, এন এস রোড এলাকায় চলে অভিযান। রিষড়া পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই অভিযান এখন চলবে।
বুধবার দখলমুক্ত করা হয় তারকেশ্বর পৌরসভা এলাকার ফুটপাত। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃশানু রায়ের নেতৃত্বে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই অভিযানে সামিল হন। সামনে শ্রাবণী মেলা। লাখো ভক্তের সমাগম হবে তারকেশ্বরে। সেই কারণে আগে থেকেই তাঁরা প্রস্তুতি নিয়ে রাখলেন বলে জানান গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার।
তিনি বলেন, "তারকেশ্বর মন্দির চত্বর এবং পুরসভা এলাকায় অনেক দোকান রাস্তার উপর চলে এসেছে। তাতে পথচারীদের চলাচল করতে সমস্যা হচ্ছে। আমি অনেক সময় অভিযোগ পাই। আজকে আমরা ব্যবসায়ীদের বলে গেলাম। রাস্তার উপর থেকে দোকান সরিয়ে নিতে হবে। দু-তিন দিন পর আমরা আবার এসে দেখব ব্যবসায়ীরা কথা শুনেছেন কিনা। না শুনলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।"
পুর এলাকার পরিষেবা ও সরকারি জমি জবরদখলের ব্যাপারে সোমবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই রাজ্যজুড়ে বেআইনি দখলদারদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তার পর দিন থেকে হাওড়া, বিধাননগর-সহ গোটা রাজ্য জুড়ে বেআইনি জবরদখল ও উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে পুলিশ ও প্রশাসন। হুগলিও এর ব্যতিক্রম নয়।