
বাঁশবেড়িয়া পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ধর্না
শেষ আপডেট: 22 June 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুরসভার চেয়ারম্যানের উপর আস্থা নেই দলেরই কাউন্সিলরদের! চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থানে বসে সেটাই জানালেন তাঁরা।
কাউন্সিলরদের অভিযোগ,তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন চেয়ারম্যান। কোনওদিনই তাঁরা চেয়ারম্যানের কাছে অভাব অভিযোগের কথা বলতে পারেননি। বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা দিতে পারছেন না তাঁরা। যার ফলে লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় তাদের হারতে হয়েছে।
১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিতা কুমার বলেন, "বাঁশবেড়িয়া পুরসভায় উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। আমরা কোনও কাজ করতে পারছি না। চেয়ারম্যান তার কাছের দু-তিনজনকে নিয়ে কাজ করাচ্ছেন। পরিষেবা পাননি বলে মানুষ লোকসভায় তৃণমূলকে ভোট দেয়নি। প্রায় সাড়ে এগারো হাজার ভোটে রচনা বন্দ্যোপাধ্যায় হেরেছেন বাঁশবেড়িয়া থেকে।"
এর আগে মৌখিকভাবে একাধিকবার কাউন্সিলররা দলকে অভিযোগ জানিয়েছেন। এবার একেবারে পুরসভার ভিতরে ধর্নায় বসে প্রতিবাদ জানান। চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, "দলের আভ্যন্তরীণ বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলব না। ওরা ধর্না দিতে পারে। যা বলার দলের নেতৃত্বকে বলব।"