
শেষ আপডেট: 20 January 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মুর্শিদাবাদের লালবাগে সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার আকাশপথে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে উঠতেই সোমবার সকালে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন তিনি। গাড়ি থেকে নেমেই মুখ্যমন্ত্রী ডেকে নেন সামনে দাঁড়িয়ে থাকা জেলাশাসক দীপাপপ্রিয়াকে। বেশ রাগত স্বরে মুখ্য়মন্ত্রী জানতে চান, প্রায় একমাস আগে নাম ঘোষণা করার সত্ত্বেও ড্রেনেজ ক্যানাল রোডে ' শৈলেন মান্না সরণি' বোর্ড এখনও লাগানো হয়নি কেন?
একইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ড্রেনেজ ক্যানাল রোডের দুপাশে সৌন্দর্যায়নের কাজ এখনও নজরে পড়ছে না কেন? কাজ কেন এগোয়নি তার কৈফিয়ত দিতে শোনা যায় জেলাশাসককে।
১২ ডিসেম্বর দিঘা রওনার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার জেলাশাসক দীপাপপ্রিয়াকেই এই নির্দেশ দিয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, "হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি। কারণ হাওড়ায় শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। নাম পরিবর্তনের সঙ্গে জায়গাটার সৌন্দর্যায়ন করতে বলেছি। সেল্ফহেল্ফ গ্রুপের মহিলাদের কিছু দোকান দিয়েও সাজানো যেতে পারে।"
দু'দিনের সফর শেষ করে ফেরার সময় শৈলেন মান্নার নামে রাস্তাটির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। শৈলেন মান্না সরণি নামে রাস্তার ধারে রাখা ফলকের উদ্বোধন করেন। একমাস পর ফের সেই পথে গিয়ে ওই রাস্তায় শৈলেন মান্নার নামে কোনও বোর্ড দেখতে পাননি তিনি। নজরে আসেনি সৌন্দর্যায়নের কাজও। তাতেই অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী।