
কাঞ্চনজঙ্ঘার কোলে মৃত্যু বালির বাসিন্দার
শেষ আপডেট: 29 May 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ট্রেকিং করতে ভালবাসতেন। এর আগেও অনেকবার পাহাড়ে গেছেন। এবছর কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ট্রেকিং করতে গেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছেও সঙ্গ দিল না শরীর। শ্বাসকষ্টে মৃত্যু হল হাওড়া বালির এক বাসিন্দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম দেবব্রত বর। ৪৬ বছরের দেবব্রতবাবু বালির সমবায়পল্লীর বাসিন্দা। গত ১৭ মে তিনি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ট্রেকিংয়ের উদ্দেশে বেরিয়েছিলেন। দেবব্রতবাবুর সঙ্গে আরও ১১জন সহযাত্রী ছিলেন। মৃতের পরিবারের দাবি, ১৯ মে দেবব্রতবাবুর সঙ্গে তাঁদের কথা হয়েছিল। এরপরে উচ্চতার কারণে টাওয়ার না থাকায় ফোন বন্ধ করে রেখেছিলেন দেবব্রত। তাই পরিবারের লোকজনও তাঁর সঙ্গে এরমধ্যে যোগাযোগ করতে পারেননি।
২৫ মে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছিলেন দেবব্রতবাবুরা। কিন্তু তারপরই অসুস্থ হয়ে পড়েন দেবব্রতবাবু। সঙ্গীরা তাঁকে নীচে নামিয়ে আনার ব্যবস্থা করেন কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর।
বালির বাড়িতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। দেবব্রতবাবুর পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। তিনি ছিলেন একমাত্র রোজগেরে। তাঁর অকাল মৃত্যুতে অথৈ জলে পড়ল গোটা পরিবার।
স্থানীয়রা বলছেন, পাহাড় ছিল দেবব্রতবাবু ধ্যান জ্ঞান। ট্রেকিং ছিল তাঁর নেশা। এমন কোনও ঘটনা ঘটে যেতে পারে সেটা তাঁরা কল্পনাই করতে পারছেন না। এখন দ্রুত তাঁর মরদেহ আনার ব্যবস্থা করা জন্য প্রশাসনের কাছে সাহায্য চাইছেন।