সোমবারই একটি অনুষ্ঠানে এসেছিলেন হাওড়ার পুরপ্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। পুজোয় নিম্নচাপের আশঙ্কা থাকায় পুরসভা কতটা তৈরি আছে, সেই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সুজয়বাবু জানিয়েছিলেন, পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকায় তাঁরা আগে থেকেই সবরকম ব্যবস্থা নিয়েছেন। কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় ৭০ টি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে।

শেষ আপডেট: 23 September 2025 12:09
রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। শিবপুর, শালিমার, ডুমুরজলা, কাসুন্দিয়া, ইছাপুর, কদমতলা, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা- সহ দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া, উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চল জলমগ্ন। সকাল থেকেই মানুষ জলবন্দি হয় পড়েছেন। বিশেষ প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন যাঁরা, তাঁরা পড়েছেন তুমুল সমস্যায়। নবান্নের সামনেও জল জমেছে।
বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ায় হাতেগোনা বাস চলাচল করছে। অন্যান্য যানবাহনও কম। রাস্তায় মানুষও কম। কর্মব্যস্ত দিনের ছবিটা একেবারেই উধাও। শিবপুর, শালিমার, ডুমুরজলার কিছু কিছু জায়গায় দোকানপাটও বন্ধ। সবমিলিয়ে কলকাতার পাশাপাশি ভোগান্তির ছবি হাওড়াতেও।
সোমবারই একটি অনুষ্ঠানে এসেছিলেন হাওড়ার পুরপ্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। পুজোয় নিম্নচাপের আশঙ্কা থাকায় পুরসভা কতটা তৈরি আছে, সেই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সুজয়বাবু জানিয়েছিলেন, পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকায় তাঁরা আগে থেকেই সবরকম ব্যবস্থা নিয়েছেন। কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় ৭০ টি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে। যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা যায় তার চেষ্টা চালানো হবে। তারপরে রাতেই ভাসল কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। তবে হাওড়ায় এখনও বৃষ্টির জেরে কোনও বিপর্যয় বা দুর্ঘটনার খবর নেই।
তবে রাতভর এই বৃষ্টির জেরে হাওড়ায় রেললাইনে জল জমে যাওয়ার কারণে ট্রেন চলাচল দারুণভাবে ব্যাহত হয়। পূর্ব রেলের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয় রেল লাইনে জল জমে থাকার কারণে হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট গণদেবতা এক্সপ্রেস সহ হাওড়া থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া- রাচি শতাব্দী এক্সপ্রেস, ডাউন সরাইঘাট এক্সপ্রেস চলাচলের নির্ধারিত সময়ের পরিবর্তন করা হয়েছে। সকালের দিকে হাওড়া-মশাগ্রাম, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-হরিপাল রুটে একটি করে এবং হাওড়া- তারকেশ্বর রুটে দুটি লোকাল ট্রেন বাতিল করা হয় ।
পরে পূর্ব রেলের পক্ষ থেকে আবার প্রেস বিবৃতিতে জানানো হয়, হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ৫:৫৫ এর পরিবর্তে ৭:৪৫ এ হাওড়া থেকে ছাড়ে। হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস ৬ টা ৪৫ এর পরিবর্তে আটটা দশ মিনিটে ছাড়ে। হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস ৭:৪৫ এর পরিবর্তে ৮:২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।