কলকাতা মেট্রোও রেহাই পায়নি। মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে লাইনে জল জমায় আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 23 September 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: রাতভর টানা বৃষ্টিতে (Overnight rain) কার্যত বিপর্যস্ত কলকাতা ও শহরতলির রেল ও মেট্রো পরিষেবা (Disrupted rail-metro services)।
শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক লাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত। চক্ররেলের আপ-ডাউন লাইন বন্ধ, আংশিক বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার পরিষেবাও। মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বাতিল করা হয় আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ–জঙ্গিপুর এক্সপ্রেস। লোকাল ট্রেনগুলির যাত্রাপথও স্তব্ধ (Kolkata and suburbs suffer)। সূত্রের খবর, বেলা ১১টা পর্যন্ত ২৫টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
দমদম পর্যন্ত অনেক ট্রেন পৌঁছলেও শিয়ালদহমুখী পরিষেবা বারবার ভেঙে পড়ছে। বনগাঁ, হাসনাবাদ এবং মেন লাইনের যাত্রীদের দুর্ভোগ চরমে। ঘোষণায় বারবার বলা হচ্ছে—“পরবর্তী ট্রেন কখন আসবে বলা যাচ্ছে না।” ফলে ট্রেন ধরবেন, না বিকল্প খুঁজবেন—সিদ্ধান্তহীনতায় ভুগছেন বহু যাত্রী। দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি থেকে অনেকে বাসে রওনা হয়েছেন, তবে শহরের রাস্তাও জলমগ্ন। ফলে গন্তব্যে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা।
হাওড়া ডিভিশনের ছবিও একই রকম। রেল ইয়ার্ড ও লাইনে জল জমে ব্যাহত বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী, ব্ল্যাক ডায়মন্ড ও গণদেবতা এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনও। তারকেশ্বর ও বর্ধমান মেন লাইনে পরিষেবা অনিয়মিত। প্রায় সব ট্রেন দেরিতে চলছে, ফলে যাত্রীদের ভিড় বেড়েছে কয়েকগুণ।
কলকাতা মেট্রোও রেহাই পায়নি। মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে লাইনে জল জমায় আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে ভাঙা পথে।
মঙ্গলবার সকাল জুড়ে পাম্প করে জল বার করার চেষ্টা চলছে। তবে বৃষ্টি থামছে না বলে সমস্যা আরও বাড়ছে। ফলে কতক্ষণে স্বাভাবিক হবে রেল-মেট্রো পরিষেবা—তা নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ জনসাধারণ।