এই কাজ করার জন্য আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এর মাঝেই বহু এনুমারেশন ফর্ম কমিশনের সাইটে আপলোড হওয়ার কথা। না হলেও সময়ের মধ্যেই তা করে দেওয়ার দায়িত্ব বিএলও-রই।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 November 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআরের (SIR in West Bengal) কাজ চলছে জোরকদমে। প্রায় ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলিও সম্পন্ন। ধীরে ধীরে বিএলও-রা (BLO) ফিল-আপ করা ফর্ম সংগ্রহ করতেও শুরু করেছেন। সেগুলিকে কমিশনের সাইটে আপলোড করার কথা। কিন্তু এখানেও সংশয় অনেকের। ফর্ম জমা নেওয়ার পর বিএলও ঠিকঠাক আপলোড করেছেন তো?
এই প্রশ্নের উত্তর পেতে সহজ একটি কাজ করতে হবে। তাহলেই নিশ্চিন্ত হওয়া যাবে যে, বিএলও (BLO) সবকিছু ঠিকঠাক করেছেন কিনা। যদিও এই কাজ করার জন্য আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এর মাঝেই বহু এনুমারেশন ফর্ম কমিশনের সাইটে আপলোড হওয়ার কথা। না হলেও সময়ের মধ্যেই তা করে দেওয়ার দায়িত্ব বিএলও-রই।
কীভাবে দেখবেন সাইটে ফর্ম আপলোড হল কিনা
সবার প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট - https://voters.eci.gov.in/ - এতে ঢুকতে হবে। মোবাইল নম্বর, ই-মেল বা ভোটার কার্ডের নম্বর দিয়ে লগ-ইন (Log-In) করতে হবে। এর সঙ্গে লাগবে ক্যাপচা। তারপর ওটিপি ভ্যারিফাই করার পর যে পোর্টাল খুলবে তাতে ২০২৫ সাল অনুযায়ী এপিক নম্বর (Epic Number), রাজ্যের তথ্য দিলেই দেখাবে সব তথ্য।
তবে ফর্ম আপলোড ঠিক হল কিনা তা জানতে আরও একটি ওটিপি (OTP) দিতে হবে। এরপরই জানা যাবে আপনার ফর্ম সাবমিট হয়েছে কী হয়নি। সেখানে ডাউনলোড অপশনও পাবেন সেই আপলোড হওয়া ফর্ম নিজের কাছে নেওয়ার জন্য।
গত ৪ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসার (BLO)-রা। কমিশনের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৯৯.৬৬ শতাংশ ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম।
পশ্চিমবঙ্গে মোট ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজার ৬৭৫টি ভোট ফর্ম বিতরণ করা হয়েছে, যা প্রায় সম্পূর্ণ বলে ধরা হচ্ছে। অন্যদিকে, লক্ষদ্বীপ ও গোয়া—এই দুই রাজ্যে ভোট ফর্ম বিতরণে লক্ষ্য ১০০ শতাংশ পূর্ণ হয়েছে।
কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি, যেখানে এখনও ভোটারদের হাতে ফর্ম পৌঁছেছে ৯৪.৪৮ শতাংশ। তবে কমিশনের আশাবাদী, ধীরগতিতেও সব ফর্ম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে এবং ভোটাররা সকলেই সময়মতো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।