বিহারের (Bihar) পর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) এখন জোরকদমে চলছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 18 November 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) পর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) এখন জোরকদমে চলছে। নির্বাচন কমিশনের (ECI) দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, মঙ্গলবার সন্ধে পর্যন্ত এই সমস্ত রাজ্য মিলিয়ে ৫০ কোটিরও বেশি ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম (Enumeration Form)। মোট ভোটারের হিসেবে তা ৯৮.৫৪ শতাংশ। পশ্চিমবঙ্গে সেই হার আরও বেশি - ৯৯.৬৪ শতাংশ।
গত ৪ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসার (BLO)-রা। কমিশনের হিসেব অনুযায়ী, সেখানে ২৭ অক্টোবর পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল ৫০ কোটি ৯৭ লক্ষ ৪৪ হাজার ৪২৩। তার মধ্যে এখন পর্যন্ত ৫০ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৯৪ জন ভোটার ফর্ম পেয়েছেন।
পশ্চিমবঙ্গে (West Bengal) মোট ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজার ৬৭৫টি ফর্ম বিলি হয়েছে, যা মোটামুটি সম্পূর্ণ বলা যায়। অন্যদিকে লক্ষদ্বীপ ও গোয়া - এই দুই রাজ্যে ফর্ম বিতরণে ১০০ শতাংশ লক্ষ্য পূরণ হয়ে গেছে।
কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে পিছিয়ে পুদুচেরি। সেখানে এখনও ৯৪.৪৮ শতাংশ ভোটারের হাতে ফর্ম পৌঁছেছে। ফলে সেখানে ফর্ম বিতরণের কাজ কিছুটা ধীরগতিতে এগোলেও কমিশনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই সব ভোটার ফর্ম পেয়ে যাবেন।
রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পরও অনেকে এখনও ঠিকভাবে বুঝতে পারছেন যে, ফর্ম ফিল-আপে ভুল হলে কী হবে, বা কীভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর (CEO Office of West Bengal)। ওটিপি-র বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে।
সিইও দফতরের (CEO Office) তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে - এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও (BLO) কেউও কোনও ওটিপি চান না। তাই মনে রাখতে হবে, এনুমারেশন ফর্মে কিছু ভুল রয়েছে, আপডেটের জন্য ওটিপি-টি লাগবে - এই বলে যদি কোনও ফোন আসে তাহলে তা হবে ফাঁদ। কেউ যেন কোনও ওটিপি বা অন্য কোনও তথ্য না দেন।