মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অবশেষে দেশছাড়া করল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই অনমোল বিষ্ণোইকে (Anmol Bishnoi)।

ফাইল চিত্র
শেষ আপডেট: 18 November 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অবশেষে দেশছাড়া করল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই অনমোল বিষ্ণোইকে (Anmol Bishnoi)। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকির (Baba Siddique) হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধে অভিযুক্ত অনমোলকে মঙ্গলবার দেশ থেকে বহিষ্কার করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি।
ইতিমধ্যেই তাঁর পরিবারের কাছে ইমেল গিয়ে পৌঁছেছে। তাতে স্পষ্ট ভাষায় লেখা - “ANMOL BISHNOI has been removed from the United States…” তাঁকে ১৮ নভেম্বর আমেরিকা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বুধবার, ১৯ নভেম্বরই তাঁর ভারতে ফেরার কথা।
বাব সিদ্দিকি থেকে সিধু মুসেওয়ালা (Sidhu Moosawala) - একের পর এক রক্তাক্ত ঘটনার নেপথ্যে অনমোল
ভারতীয় তদন্তকারী সংস্থার হাতে অনমোলের বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে এনসিপি নেতা (NCP Leader) বাব সিদ্দিকির হত্যাকাণ্ডে তাঁর সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করা জঙ্গি মডিউলকে অস্ত্র ও লজিস্টিকস জোগাড় করে দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে। তার সঙ্গে যুক্ত ২০২৪ সালের এপ্রিলে অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাও।
অবৈধভাবে আমেরিকা প্রবেশ, তারপর গ্রেফতার
গত বছর নভেম্বরেই অনমোলকে আটক করেছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে ভারতীয় মামলার জন্য নয় - অভিযোগ ছিল মার্কিন ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের (Illegal Entry)। পরে ভারত এনআইএ-র (NIA) অনুরোধে তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করে। ইন্টারপোলও (Interpole) জারি করে রেড কর্নার নোটিস। যদিও আমলাতান্ত্রিক জটিলতা, তার সঙ্গে অনমোলের করা আশ্রয় আবেদনের কারণে তখন প্রত্যর্পণের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছিল।
অনমোলের গ্রেফতারির পর থেকেই ছন্দপতন শুরু হয় বিষ্ণোই চক্রে। লরেন্স বিষ্ণোই ক্ষুব্ধ ছিলেন। তাঁর দাবি, গোল্ডি ব্রার (Goldy Brar) কিংবা রোহিত গোদারা কেউই তাঁর ভাইকে জামিন করাতে সাহায্য করেননি। শেষ পর্যন্ত অনমোল জিপিএস ট্যাগ পরে অস্থায়ী জামিন পেলেও দুই দাপুটে ডন - লরেন্স ও ব্রারের মধ্যে ফাটল তৈরি হয়।
পুলিশের চার্জশিট অনুযায়ী, সলমন খানের (Salman Khan) বাড়ির বাইরে গুলি চালানোর আগে শুটারদের ন’ মিনিটের প্ররোচনামূলক ভিডিও বার্তা পাঠিয়েছিলেন অনমোল। তাঁর কথায়, “ইতিহাস তৈরি করবে তোমরা।” একই ভাবে সিদ্দিকি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তিনি জড়িতদের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে দাবি তদন্তকারী দফতরের।
মার্কিন কর্তৃপক্ষের ‘রিমুভাল’ সিদ্ধান্তের ফলে ভারতীয় গোয়েন্দারা এখন অনমোলকে দেশে এনে জেরা করার প্রস্তুতি নিচ্ছে। তাঁর ফেরাকে কেন্দ্র করে সিদ্দিকি হত্যাকাণ্ড থেকে শুরু করে একাধিক মামলায় নতুন সূত্র মেলার আশা করছে তদন্তকারী সংস্থাগুলি।