বুধবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নুর মোহাম্মদ কলেজের পাশে ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।

শেষ আপডেট: 29 January 2026 11:39
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে সামশেরগঞ্জে (Samserganj) হোটেল ব্যবসায়ী এক যুবককে গুলি (Shoot out) করে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাঁকে। বুধবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নুর মোহাম্মদ কলেজের পাশে ঘটনাটি ঘটে।বিষয়টি জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।
মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস(৩৪)। তাঁর বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় হোটেল খুলেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে হোটেলে বসে হিসেবনিকেষ করছিলেন। এইসময় হঠাৎ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
আতঙ্কে চিৎকার করে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত লোকজন। গুলি চালিয়েই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। তড়িঘড়ি রাহুলকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান হোটেলের লোকজন। ডাক্তাররা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। তবে জঙ্গিপুর পর্যন্ত যাওয়া হয়নি। পথেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের।
এখনও পর্যন্ত খুনের আসল কারণ জানা যায়নি। এদিকে ঘটনার পরেই নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় ছুটে আসেন ফরাক্কার SDPO সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কী কারণে খুন করা হল হোটেল ব্যবসায়ীকে, কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি।