
দুর্ঘটনার পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ গোঘাটে- নিজস্ব চিত্র
শেষ আপডেট: 12 June 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জামাইষষ্ঠীর বাজার করতে বেরিয়েছিলেন। জনবহুল এলাকায় বাইক আরোহীকে পিষে দিল দ্রুত গতির ট্রাক। যুবকের মৃত্যুর প্রতিবাদে হুগলির গোঘাটে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ।
মৃত ব্যক্তির নাম প্রতীক ঘোষ(৪২)। স্থানীয় সেনাই গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বুধবার জামাইষষ্ঠীর সকালে বেঙ্গাইতে বাজার করতে যাচ্ছিলেন। এইসময় আরামবাগের দিক থেকে আসা বিষ্ণুপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ওই যুবককে পিষে দেয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছডায় আরামবাগ-বিষ্ণুপুর ২ নম্বর রাজ্য সড়কে গোঘাটের বেঙ্গাই চৌমাথায়।
অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে প্রতীকের নিথর দেহ পড়ে থাকে দুর্ঘটনাস্থলে। ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশের ক্যাম্প থাকলেও পৌঁছায়নি পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশ আসে বলে জানায় মৃতের পরিবারের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় মানুষজন আরামবাগ-বিষ্ণুপুর ২ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় ২ নম্বর রাজ্য সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
বাইক আরোহী যুবককে পিষে দিয়ে তখনকার মতো লরিচালক পালিয়ে গেলেও পরে ঘাতক লরি ও তার চালককে পুলিশ খাটুল চেক পোস্টের কাছ থেকে আটক করেছে।