কৈলাস যাত্রায় শিব দর্শনে গিয়ে মৃত্যু হল হুগলির রাজীব কুন্ডুর। দুর্গম পথে অসুস্থ হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার।

শেষ আপডেট: 6 August 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্রাবণ মাসে কিন্নর কৈলাশে (Kailash Yatra) গিয়েছিলেন মহাদেব দর্শনে। সেখানে গিয়ে মৃত্যু হল ত্রিবেণীর বেনীমাধবতলার বাসিন্দা রাজীব কুন্ডুর(৩৮)।
পয়লা অগস্ট হিমাচল প্রদেশে (Himachal Pradesh) রওনা দিয়েছিলেন হুগলির (Hooghly) ৫ পর্যটক। কৈলাসে শিব দর্শনের জন্য। গত মঙ্গলবার দুর্গম রাস্তা দিয়ে ফেরার পথে মৃত্যু হয় রাজীবের। স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড বৃষ্টি ও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন রাজীব। অক্সিজেনের অভাব দেখা দেয়। সেই সময়ই তাকে বেস ক্যাম্পে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার তার ময়নাতদন্তের ব্যবস্থা করবে প্রশাসন। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন রাজীবের পরিবার।
রাজীবের জামাইবাবু জানান, তাঁর পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। কোনওরকমে টোটো চালিয়ে সংসার চালাতেন রাজীব। বাড়িতে মা ও ভাই রয়েছে। বিভিন্ন শিব তীর্থে ঘুরে বেড়ানো তাঁর নেশা ছিল। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, "আমাদের এলাকার যুবকের মৃত্যু হয়েছে কৈলাসে গিয়ে। তাঁর পরিবারের পাশে আমরা আছি।মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সবরকম সাহায্য করা হবে।"