স্মার্ট মিটার (Smart Meter) বসানোর পর থেকেই বিদ্যুতের বিল (Electric Bill ) মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক।
.jpeg.webp)
শেষ আপডেট: 9 June 2025 21:36
দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট মিটার (Smart Meter) বসানোর পর থেকেই বিদ্যুতের বিল (Electric Bill ) মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। সম্প্রতি এর প্রতিবাদে হুগলির ব্যান্ডেল-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। এই ইস্যুতে জেলায় জেলায় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে পথে নামতেও দেখা গিয়েছে।
এমন আবহে সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জানানো হল, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হল।
আর বিদ্যুৎ দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই সেটিকে কটাক্ষ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজ্ঞপ্তির শেষে লাল কালি দিয়ে মার্ক করে শুভেন্দু লিখেছেন, ‘‘বোঝো ঠ্যালা।’'
বোঝো ঠ্যালা !!! pic.twitter.com/mu8zpioNcd
— Suvendu Adhikari (@SuvenduWB) June 9, 2025
শুভেন্দুর এই কটাক্ষের কারণ কী? বিদ্যুৎ দফতরের বিজ্ঞপ্তিতে কী লেখা হয়েছে?
রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দফতর এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো জায়গায় ‘সফল ভাবে’ স্মার্ট মিটার লাগানো হয়েছে। তার পরে তিন-চারটি জেলায় কিছু সংখ্যক উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটার বসানো হয়। কিন্তু তা নিয়ে কিছু অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আপাতত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে।
বস্তুত, এই স্মার্ট মিটার বসানোর পরই একাধিক গ্রাহকের কাছে ভুল বিল আসে বলে অভিযোগ। যা নিয়ে জেলায় জেলায় গ্রাহকদের একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভও তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, স্মার্ট মিটারের নাম করে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণ করা হচ্ছে। তাই মানুষকে ভুল বুঝিয়ে জোর করে প্রিপেড স্মার্ট ইলেট্রিক মিটার ব্যবহারে বাধ্য করা হচ্ছে।
যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন। নয়া পদ্ধতিতে মানুষের সুবিধেয় হবে। তবে যেহেতু স্মার্ট মিটার নিয়ে কিছু অভিযোগ এসেছে সেগুলি নিষ্পত্তি না করা পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না। বিজ্ঞপ্তিতে সেটাই স্পষ্ট করে জানানো হয়েছে।